বগুড়া, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের সীমান্ত নিরাপত্তা রক্ষী (বিএসএফ) কর্মকর্তারা সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য আদান প্রদানে সম্মতি দিয়েছেন।
বগুড়ায় বিডিআর ও বিএসএফ এর উপ-মহাপরিচালক পর্যায়ে তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া, দিনের বেলায় আত্মরক্ষা ছাড়া কোনো কারণে গুলি না ছোড়াসহ পাঁচটি বিষয়ে একমত হয়েছেন কর্মকর্তারা।
বিডিআর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদ হায়দার সোমবার এ তথ্য জানান।
রোববার থেকে শুরু হওয়া বিডিআর ও বিএসএফ এর এ সম্মেলন মঙ্গলবার শেষ হচ্ছে। মঙ্গলবার সকালে দু'পক্ষ সীমান্ত ইস্যু নিয়ে আলোচনায় বসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআরের এক কর্মকর্তা জানান, উভয়পক্ষ হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে মঙ্গলবার আরও অনেক বিষয়ে সমঝোতা হতে পারে।
গত রোববার থেকে বিডিআর বিএসএফ এর এই সম্মেলন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে চলছে। বাংলাদেশের পক্ষে বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছে। অন্যদিকে বিএসএফ এর ১৬ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ এর নর্থ বেঙ্গল ফন্টিয়ার এর আইজি আর এ তেওয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২৩৯ ঘ.
bdnews24