২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাদেশ জটিলতায় ছাত্রত্ব হারাতে বসেছে চবির দেড় হাজার শিক্ষার্থী

অধ্যাদেশ সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী ছাত্রত্ব হারাতে বসেছে। আগের অধ্যাদেশের আওতায় অধ্যয়নরত এসব শিক্ষার্থী সম্পূরক বিষয়ে একবার অকৃতকার্য হওয়ার পর আরও দুইবার পরীক্ষা দিতে পারতেন। কিন্তু নতুন অধ্যাদেশের আওতায় দ্বিতীয়বার সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

আল আমীন দেওয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অধ্যাদেশ সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী ছাত্রত্ব হারাতে বসেছে। আগের অধ্যাদেশের আওতায় অধ্যয়নরত এসব শিক্ষার্থী সম্পূরক বিষয়ে একবার অকৃতকার্য হওয়ার পর আরও দুইবার পরীক্ষা দিতে পারতেন। কিন্তু নতুন অধ্যাদেশের আওতায় দ্বিতীয়বার সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। ফলে পুরনো অধ্যাদেশের আওতায় সম্পূরক বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষার দেওয়ার জন্য যারা রেখে দিয়েছিলেন তারা ছাত্রত্ব টিকিয়ে রাখতে পারবে না। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমীন দেওয়ান। বুধবার একাডেমিক কাউন্সিলের সভা চলার সময়ে পুরনো অধ্যাদেশ অনুযায়ী দ্বিতীয়বার সম্পূরক পরীক্ষা দেওয়া, নিবন্ধনের মেয়াদ ৬ শিক্ষাবর্ষ পার হলেও শেষবার পরীক্ষায় অংশগ্রহণসহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। বুধবারের মধ্যে দাবি মানা না হলে ওই দিন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। ছাত্রত্ব হারাতে বসা দেড় হাজার শিক্ষার্থীর পক্ষে লিখন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। ২০০৭ সালের ১৯ মার্চ জারি করা নতুন অধ্যাদেশের কার্যকারিতা ধরা হয়েছে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে। এই অধ্যাদেশে শিক্ষার্থীরা সম্পূরক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মাত্র একবার পরীক্ষা দেওয়ার সুযোগ এবং এই পরীক্ষায় অকৃতকার্য হলে ছাত্রত্ব বাতিলের বিধান রাখা হয়েছে। ইংরেজি আবশ্যিক বিষয়ে প্রথম বর্ষ ছাড়া আর পরীক্ষা দেওয়া যাবে না এবং কেউ অকৃতকার্য হলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ না দিয়ে মূল সনদে তা অকৃতকার্য দেখানো হবে এবং নিবন্ধনের মেয়াদ ছয় শিক্ষাবর্ষ উত্তীর্ণ হলে কোন মানবিক আবেদন বিচার না করেই তার ছাত্রত্ব বাতিল হওয়ার বিধানও রয়েছে এই অধ্যাদেশে। অথচ আগের যে অধ্যাদেশের আওতায় এসব শিক্ষার্থীরা ভর্তি হয়েছিলেন সেখানে সম্পূরক বিষয়ে অকৃতকার্য হওয়ার পর আরও দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এছাড়াও চার বছরের শিক্ষা বর্ষের মধ্যে যে কোন বর্ষে ইংরেজি পরীক্ষা দেওয়া এবং নিবন্ধনের মেয়াদ ছয় শিক্ষাবর্ষ উত্তীর্ণ হলেও মানবিক বিবেচনায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। ছাত্রত্ব হারাতে বসা শিক্ষার্থী লিখন চৌধুরী অভিযোগে করেন, "আমরা যখন ভর্তি হয়েছি তখন যে অধ্যাদেশটি চালু ছিল সে অনুযায়ী পড়াশোনা করেছি। নতুন অধ্যাদেশ নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হওয়ার কথা। অথচ আমরা যখন একবার সম্পূরক পরীক্ষা দিয়ে দ্বিতীয় বার সম্পূরক পরীক্ষার জন্য অপেক্ষায় আছি তখন জানানো হয় নতুন অধ্যাদেশ ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। লিখন চৌধুরী বলেন, "নতুন অধ্যাদেশের আওতায় আমরা ছাত্রত্ব হারাতে বসেছি। পুরনো শিক্ষা বর্ষের ছাত্র হয়েও কেন আমাদের এই সমস্যায় পড়তে হবে।" শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে নতুন অধ্যাদেশ প্রণয়ন কমিটির আহ্বায়ক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন অধ্যাদেশে দুইবার সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকলেও যারা অকৃতকার্য হয়েছে তারা ন্যূনতম জিপিএ ১ দশমিক ৭৫ থেকে ২ পর্যন্ত পেলে উত্তীর্ণ হতে পারবে। শিক্ষার্থীরা যদি এক বিষয়ে সম্পূরক রেখে এই জিপিএ না পায় তাহলে তাদের ছাত্রত্ব হারাতে হবে।" নতুন অধ্যাদেশ পুরনো শিক্ষাবর্ষ থেকে চালু করার বিষয়ে তিনি বলেন, "এটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত। তারপরও শিক্ষার্থীদের আবেদন সিন্ডিকেট চাইলে বিবেচনা করে দেখতে পারে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমএআর/এমএসবি/২১৪০ ঘ.