কুষ্টিয়া, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার খাজানগরে চাল মজুদের অভিযোগে একজন চালকল মালিককে আটক করেছে যৌথবাহিনী। অপর এক অভিযানে অন্য একটি চালকল থেকে এক হাজার ২০০ বস্তা চাল জব্দ করা হয়। তবে ওই চালকলের মালিককে পাওয়া যায়নি।
সোমবার কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা কুষ্টিয়ার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে এলাকার ফোর স্টার রাইস মিলের মালিক মফিজকে (৪০) আটক করেন। এ সময় তার গুদামে চাল পাওয়া যায়নি।
এর পর যৌথ বাহিনীর সদস্যরা খাজানগর এলাকার ফাতেমা রাইস মিলে অভিযান চালিয়ে মজুদ করা এক হাজার ২০০ বস্তা চাল জব্দ করে বলে তিনি জানান।
মাইন উদ্দিন জানান, আটক মফিজকে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24