২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদিন মেঘের আড়ালে সূর্য, কয়েকস্থানে বৃষ্টি

সোমবারও দেশের অনেক জায়গায় সূর্য ছিল মেঘের ঘোমটার আড়ালে। রাজধানীতেও তার ব্যতিক্রম হয়নি। দিনভর হাল্কা মেঘের সঙ্গে চলেছে সূর্যের লুকোচুরি। রোববার রাত আর সোমবার দিনে রাজধানীসহ কয়েকটি জায়গায় মৃদু বৃষ্টিও হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবারও দেশের অনেক জায়গায় সূর্য ছিল মেঘের ঘোমটার আড়ালে। রাজধানীতেও তার ব্যতিক্রম হয়নি। দিনভর হাল্কা মেঘের সঙ্গে চলেছে সূর্যের লুকোচুরি। রোববার রাত আর সোমবার দিনে রাজধানীসহ কয়েকটি জায়গায় মৃদু বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় বিরাজমান পশ্চিমা স্থল লঘুচাপই আবহাওয়ার এ খেয়ালি আচরণের জন্য দায়ী। বাঘ কাঁপার কথা যে মাঘ মাসে তার শুরুতেও তাই গোটা দেশজুড়েই এ গুমোট। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, পশ্চিমা বায়ু প্রবাহের সঙ্গে পূবালী লঘুচাপের বর্ধিতাংশ সংযুক্ত হওয়ায় আকাশ মেঘলা রয়েছে। এর প্রভাবে দু'এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আরও দু' এক জায়গায় হতে পারে। তিনি জানান, রাতের তাপমাত্রা সারাদেশেই বেড়েছে। তবে মেঘ কেটে গেলেই কমতে শুরু করবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং অন্যান্য স্থানে অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ বুধবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। তবে ময়মনসিংহ ও কুমিল্লা এবং সিলেট বিভাগের দু' এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাঙামাটিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়কালে সিলেট, গাজীপুর, ঈশ্বরদী ও ঢাকায় হালকা বৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০০৭ঘ.