ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিনকে আট বছর সশ্রম কারাদণ্ড, ৯২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় ঘোষণা করেন।
আসামি তুহিন পলাতক রয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. গোলাম কবির ২৫ নভেম্বর তুহিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, তুহিন ১৯৯৮-৯৯ থেকে ২০০৬-০৭ কর বছরে দাখিল করা আয়কর রিটার্নে সম্পত্তির মিথ্যা তথ্য দিয়ে ও আয় গোপন করে ৮১ লাখ ৮১ হাজার ৮২ টাকা কর ফাঁকি দিয়েছেন।
১৭ ডিসেম্বর এ মামলায় অভিযোগ গঠন হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জন সাক্ষ্য দেন। ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর ২১ জানুয়ারি রায়ের এ দিন ধার্য করা হয়েছিল।
শাহরিন ইসলাম তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/১৩১৩ ঘ.
bdnews24