টাঙ্গাইল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পুকুরিয়া গ্রামে রোববার রাতে আগুনে পুড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা তিন ভাই।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৮টার দিকে গ্রামের কামরুল ইসলামের ঘরে আগুন লাগে। টিনের চাল ও ছনের বেড়ার ওই ঘর মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় কামরুলের তিন শিশু সন্তান শরীফ (৫), সজীব (৩) ও সবুজ (২)।
একটি কুপি থেকে ঘরের বেড়ায় আগুন ধরে যায় বলে হযরত আলী জানান।
তিনি বলেন, আগুন লাগার পর কামরুলের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলও এলেও শিশু তিনটিকে বাঁচাতে পারেনি।
কামরুল ইসলাম কাপড়ের ব্যবসা করেন। দুর্ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫১ ঘ.
bdnews24