ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --পশ্চিমা স্থল লঘুচাপের কারণে মাঘের শুরুতেও গোটা দেশজুড়েই গুমোট আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও মেঘের আড়ালে ঢাকা পড়েছিল সূর্য। বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে রাতের তাপমাত্রাও।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় স্থল লঘুচাপ বিরাজ করছে। এ লঘুচাপের কারণেই আকাশ মেঘাচ্ছন্ন। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে রাতের তাপমাত্রা বেড়েছে। তবে দু'একদিনের মধ্যেই আবহাওয়া এসময়ের স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশ্চিমা বায়ু প্রবাহের সঙ্গে পূবালী লঘুচাপের বর্ধিতাংশের সংযুক্ত হওয়ার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। এর প্রভাবে দু'এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।
তিনি জানান, রাতের তাপমাত্রা সারাদেশেই বেড়েছে। মেঘ কেটে গেলেই কমতে শুরু করবে।
আবহাওয়া অফিস রোববার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফ ও রাঙামাটি ছাড়া সারাদেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস ওপরে অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় দেশের সর্বনিম্ন গড় তাপমাত্রা হচ্ছে ১১ ডিগ্রি সেলসিয়াস। শীতের শুরু থেকেই এ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের ওপরে অবস্থান করেছে।
রোববার বিকালে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত সহকারী আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমা লঘুচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রা বেড়েছে। আগেও এরকম হয়েছে। দু'এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।"
তিনি বলেন, পশ্চিমা বায়ুপ্রবাহ সক্রিয় থাকার কারণে এমনটা হচ্ছে। এর প্রভাবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমে সরে গিয়ে দুর্বল হয়ে গেছে। তাই শীত কম লাগছে। দু'একদিনের মধ্যে এটা সক্রিয় হতে পারে। তখন শীত বাড়বে।
এ মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহও আসতে পারে বলে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দু'এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। নদীর অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝাারি কুয়াশা ও সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সকাল ৯ টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৩১ঘ.
bdnews24