২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের ত্র"টিপূর্ণ কূপে গ্যাস উদগিরণে এলাকায় আতঙ্ক

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ত্র"টিপূর্ণ তিন নম্বর কুপ বন্ধের কাজ শুরুর পর থেকেই আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। তবে গ্যাস ক্ষেত্র কর্তৃপক্ষ ও প্রশাসন বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লিকেজ দিয়ে অব্যাহত গ্যাস উদগিরণে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ দাবি করছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ত্র"টিপূর্ণ তিন নম্বর কুপ বন্ধের কাজ শুরুর পর থেকেই আশপাশের এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। তবে গ্যাস ক্ষেত্র কর্তৃপক্ষ ও প্রশাসন বলছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লিকেজ দিয়ে অব্যাহত গ্যাস উদগিরণে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ দাবি করছেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের একজন সদস্য। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ ক্ষতিগ্রস্ত হলে তাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মার্কিন কোম্পানি বুটস অ্যান্ড কুটস এর বিশেষজ্ঞরা ১০ জানুয়ারি থেকে কুপটি বন্ধ করে দেওয়ার কাজ শুরু করেছেন। কাজ শুরুর পর থেকেই কুপের পাশ্ববর্তী ঘাটুরা এলাকার বাসিন্দারা দুর্ঘটনার আশঙ্কায় বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। আতঙ্কিত না হতে প্রচার-প্রচারণা সত্বেও আতঙ্ক কমছে না এলাকাবাসীর। সুহিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খসরু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুপ বন্ধের প্রক্রিয়া শুরুর পর থেকেই ঘাটুরা গ্রামের বাসিন্দাদের অনেকেই ভয়ে ঘর বাড়ি ছেড়ে চলে যান। এর মধ্যে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ মাইক দিয়ে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহবান জানালে এলাকাবাসীর মনে কিছুটা স্বস্তি আসে। তিনি জানান, কূপ বন্ধ করে দেওয়ার মূল কাজ শুরুর পর গ্যাস উদগিরণের বিকট আওয়াজে আবারও আতঙ্কিত হয়ে অনেকেই এলাকা ছেড়েছেন। এর মধ্যে নূর মিয়া, জালাল, লতিফ, দানা মিয়া, আফরোজ, মনু মিয়াসহ বেশ কয়েকজনের কথা জানান তিনি। খসরু মোল্লা বলেন, আগুন বা বড় ধরনের বিস্ফোরণের ভয়ে তারা পরিবারের লোকজনকে অন্যত্র রেখেছেন। নিজেরা বাড়ির মালামাল পাহারা দিতে রয়ে গেছেন। এ ব্যাপারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কূপ বন্ধের কাজ শেষ হলে গ্যাস উদগিরণের আওয়াজও থাকবে না। কূপটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে গত বছরের ২৬ ডিসেম্বর পেট্রোবাংলার চেয়ারম্যান, জ্বালানি সচিবসহ একটি বৈঠক হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল হাইও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পুরো বিষয়টি মনিটরিং করছি। এলাকাবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্যে এবং বিষয়টি অবহিত করতে পেট্রোবাংলাকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অনুরোধ করেছি। কর্তৃপক্ষ সে অনুযায়ী পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে এবং মাইকিং করেছে।" তিনি জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এ ব্যাপারে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিন নম্বর কুপটি বন্ধ করে দেওয়ার কাজও ঠিক-ঠাক মত চলছে। এখানে কোন দুর্ঘটনার আশঙ্কা নেই, তাই আতঙ্কিত হওয়ারও কিছু নেই। গ্যাস ক্ষেত্রের একটি সূত্র জানায়, এই কুপের ভেতর ৮ হাজার ৪শ ফুট দৈর্ঘের একটি নল ঢুকিয়ে বিভিন্ন স্থানে সিমেন্ট ও রাসায়নিক দ্রব্য দিয়ে কুপটিকে বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ হাজার ফুর নল ঢুকানো হয়েছে। গ্যাসের বুদবুদে লইসকা বিলের ফসলী জমি ভেঙ্গে খালে পরিণত হওয়ায় জমির মালিকরা ক্ষতিপুরণ দাবি করেছেন। ইউপি সদস্য খসরু মেম্বার জানান, জমিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এখন হালচাষ করা যাচ্ছে না। কাজ করতে গিয়ে কয়েকদিন আগে দুজন গর্তে পড়ে গেলে রশি দিয়ে তাদের তুলতে হয়েছে। এ ছাড়াও গ্যাসের বুদবুদে ধানি জমি ভেঙে খালে পরিণত হচ্ছে। জমির মালিক ও চাষীরা ক্ষতিপুরণ দাবি করছেন। জেলা প্রশাসক মো. আব্দুল হাই জানান, প্রকৃতপক্ষে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে বিষয়টি বিবেচনা করার জন্যে কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে। তাই কুপ সংলগ্ন এলাকার বাসিন্দাদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৭ ঘ.