ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য শনিবার শহীদ মইনুল সড়কের মাথায় ছিল উৎসুক মানুষের ভিড়। কঠোর নিরাপত্তা আর গোয়েন্দা নজরদারির মধ্যে কোথাও বেশিক্ষণ দাঁড়াতে না পারলেও এর মধ্যেই সবাই এক ঝলক দেখে নিতে চেষ্টা করেছেন সাবেক প্রধানমন্ত্রীকে।
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কথা শুনে বিএনপির কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ বিকেল থেকেই ক্যান্টনমেন্ট এলাকার মইনুল সড়কের মাথায় ভিড় করতে শুরু করে।
ওলামা দলের ঢাকা মহানগর নেতা সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ম্যাডামের বাসায় ছিলাম। মায়ের লাশ দেখতে আসা একজন সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে নিরাপত্তা বেস্টনীর মধ্যে রাখা হয়েছে তাতে আমারই ভয় লাগছে।"
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফাহিম আহমেদ তার দুই বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিল খালেদা জিয়ার গাড়ি দেখার জন্য। নিরাপত্তার কড়াকড়িতে বহরের কোন গাড়িটিতে তিনি আছেন তা সে দেখতে পারেনি।
ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "এখনতো খালেদা জিয়া প্রধানমন্ত্রী নেই। তাহলে তার মায়ের লাশ দেখতে আসার সময় এত পুলিশের বহর কেন?"
সাবেক সাংসদ শিরিন সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, "ম্যাডামের মানসিক অবস্থা ভাল নয়। ১৯৮৪ সালে মারা গেছেন বাবা। এখন মা'ও নেই। স্বামীকে জীবন দিতে হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে। দুই ছেলেকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। ম্যাডামের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা ও বানোয়াট মামলা। একজন সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় নেত্রীর প্রতি এ আচরণ বিমাতাসুলভ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/জেকে/এসকে/২৩০৪ঘ.
bdnews24