চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে শনিবার বিকেলে দুর্বৃৃত্তদের গুলিতে সালাহউদ্দিন রাজীব (২৪) নামে এক যুবক আহত হয়েছেন।
হালিশহর থানার উপ পরিদর্শক নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীবের গলায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজীব রিকশায় করে হালিশহর থেকে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। এক্সেস রোডে পৌঁছালে পিছন থেকে একটি অটোরিকশা এসে তার গতিরোধ করে এবং খুব কাছে থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, রাজীবের জ্ঞান এখনও ফেরেনি।
সালাহউদ্দিন রাজীব বাংলা লিংকের একজন বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24