২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন ব্রীজের ঢালে শুক্রবার বাসের চাকায় পিষ্ট হয়ে দুই টেম্পু যাত্রী নিহত হয়েছেন। কুষ্টিয়ায় শুক্রবার সকাল ও বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুইজন। আহত হয়েছেন আরও আট ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 08:19 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজিরপুর উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন ব্রীজের ঢালে শুক্রবার বাসের চাকায় পিষ্ট হয়ে দুই টেম্পু যাত্রী নিহত হয়েছেন। কুষ্টিয়ায় শুক্রবার সকাল ও বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুইজন। আহত হয়েছেন আরও আট ব্যক্তি। আমাদের বরিশাল প্রতিনিধি জানান, দুর্ঘটনায় নিহত দুই টেম্পু যাত্রী হলেন- আব্দুল বাকি হাওলাদার (৪০) ও রুবেল (১৬)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। উজিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) পরিমল কুমার চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালে আসছিল। যাত্রীবাহী এই বাসটি উপজেলার ইচলাদীতে ক্যাপ্টেন মহিউদ্দিন ব্রীজের ঢাল অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি পাশ্ববর্তী যাত্রীবাহী তিনটি টেম্পুর উপর উঠিয়ে দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল বাকি হাওলাদার নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা টেম্পুর তিন আহত যাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় রুবেল নামের অপর একজন মারা যান। বাসটি আটক করা সম্ভব হয়নি বলে এস আই পরিমল কুমার চক্রবর্তী জানান। কুষ্টিয়া প্রতিনিধি সদর থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেনের বরাত দিয়ে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে ঝিনাইদহমুখী একটি ট্রাক বিপরীতমুখী একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলচালক আবদুল মজিদ (২৮) ঘটনাস্থলেই মারা যান। মটর সাইকেল আরোহী রফিকুল ইসলাম ও সোহেল নামে দুইজন আহত হন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল মজিদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে। অপর দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১টায় কুষ্টিয়া-পাবনা সড়কের সাহেবনগর এলাকায়। সাতক্ষীরা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবদুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান। আবদুর রশিদ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার সাজাদ গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুর্ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এমএসবি/১৫৩০ ঘ.