ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-মহাপরিচালক পর্যায়ে বিডিআর ও বিএসএফ এর মধ্যে বগুড়ায় আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সীমান্ত সম্মেলন। এতে অংশ নিতে বিএসএফ এর ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল ১৯ জানুয়ারি বাংলাদেশ আসবে।
বৃহস্পতিবার বিডিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনে আলোচনার জন্য বিডিআর এর পক্ষ থেকে বাংলাদেশী নাগরিককে গুলি করে হত্যা, সীমান্তে বিনা উস্কানিতে বিএসএফ এর গুলিবর্ষণ, বাংলাদেশী নাগরিকদের আটক, গ্রেপ্তার ও অপহরণ, ভারতীয় নাগরিকদের সীমান্ত লঙ্ঘন, অবৈধ পারাপার, অনুপ্রবেশ, বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের কাটাতারের ক্ষতিসাধনের বিষয়ে দোষী সাব্যস্ত করা, সীমান্ত পিলারের যৌথ পরিদর্শনে সাড়া না দেওয়া, নওগাঁয় সীমান্ত পিলার স্থাপনের মাধ্যমে চিহ্নিত জমি হস্তান্তর, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার প্রতিরোধসহ নানা বিষয় উত্থাপন করা হবে।
অপরদিকে বিএসএফ'র পক্ষ থেকে তুলে ধরা হবে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে আন্তঃসীমান্ত অপরাধ সংঘটন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের সেদেশে প্রবেশ, ভারতীয় ভূখণ্ডে জাল মুদ্রা পাচার, সীমান্তের ১৫০ গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণে বাধাদান, বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সহায়তা বা সমর্থন দেওয়ার মতো বিষয়।
এতে বিডিআর এর পক্ষে নেতৃত্ব দেবেন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী। অন্যদিকে বিএসএফএর পক্ষে বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার এর আইজি আর এ তেওয়ারী নেতৃত্ব দিবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৯২৮ঘ.
bdnews24