২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভে 'ইন্ধন' দেওয়ার অভিযোগে ঝুট ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর এলাকায় গত কয়েকদিনে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে 'ইন্ধন' দেওয়ার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা উভয়েই বাতিল টুকরা কাপড় বা 'ঝুট' ব্যবসায়ী এবং নেপথ্য থেকে শ্রমিকদের সহিংস হয়ে ওঠায় ইন্ধন যুগিয়েছে বলে পুলিশ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় গত কয়েকদিনে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে 'ইন্ধন' দেওয়ার অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা উভয়েই বাতিল টুকরা কাপড় বা 'ঝুট' ব্যবসায়ী এবং নেপথ্য থেকে শ্রমিকদের সহিংস হয়ে ওঠায় ইন্ধন যুগিয়েছে বলে পুলিশ দাবি করেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে মিরপুরের সেনপাড়ায় অভিযান চালিয়ে ঝুট ব্যবসায়ী মুক্তার হোসেন (২৫) ও মেহেদী হাসান কল্লোলকে গ্রেপ্তার করা হয়। এরা দু'জন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা একটি এবং পুলিশের সরকারি কাজে বাধাদান ও গুরুতর আঘাতের অভিযোগে দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামী বলে আকরাম হোসেন জানান। দুই ঝুট ব্যবসায়ীকে বুধবার মহানগর হাকিম ওয়ালিউল ইসলামের আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মিরপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় রবি, সোম ও মঙ্গলবার কাফরুল থানায় মোট ছয়টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকশ' গার্মেন্টস শ্রমিককে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, "গ্রেপ্তারকৃত দু'জন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সরাসরি জড়িত ছিল এবং তারা শ্রমিকদের সহিংস হয়ে ওঠার পেছনে ইন্ধন জুগিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।" গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনে 'নেপথ্যে থেকে' ইন্ধন দেওয়ার সঙ্গে জড়িত আরো কয়েকজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও আকরাম হোসেন জানান। পুলিশের মিরপুর জোনের এক উর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "মিরপুর অঞ্চলে গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনের পেছনে কয়েকজন ঝুট ব্যবসায়ী ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা নেপথ্যে থেকে ভূমিকা রেখেছেন।" ওই পুলিশ কর্মকর্তা বলেন, "এমবিএম গার্মেন্টসে দুপুরের খাবারের নিুমান নিয়ে শ্রমিকদের ক্ষোভকে পুঁজি করে ঝুট ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা তাদের আরো উত্তেজিত করে তোলে। মালিকপক্ষকে চাপে ফেলে কম দামে ঝুট-কাপড় কেনা এবং ঝুট ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা এটা করেছে। একই সময় কয়েকজন নেতাও শ্রমিকদের দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলনে নামার ইন্ধন যোগায়। এখন এসব ইন্ধনদাতাকে খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।" সরকারের উর্দ্ধতন মহল ইতিমধ্যেই শ্রমিক অস্থিরতা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করেছে। মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় রাজধানীতে পোশাক শিল্প কারখানায় চলমান 'অস্থিরতার সঙ্গে জড়িতদের' বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এদিকে এমবিএম কারখানার আন্দোলনরত শ্রমিকরা বুধবার সকালে কারখানায় গেলেও কোন কাজ হয়নি। শ্রমিকরা সকালে কাজে যাওয়ার পর মালিক মাহবুবুর রহমানের ছেলে ওয়াসিম এসে তাদের বাড়ি চলে যেতে বলে জানান বৃহস্পতিবার সকাল থেকে কাজ শুরু হবে। কয়েকজন শ্রমিক বলেন, বৃহস্পতিবার সকালে মালিক মাহবুবুর রহমান নিজে কারখানায় এসে শ্রমিকদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও ওয়াসিম তাদের জানিয়েছেন। মিরপুর ও শ্যাওড়াপাড়া অঞ্চলের বাকি গার্মেন্টস কারখানাগুলোতে বুধবার স্বাভাবিকভাবে কাজ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০০৬ঘ.