২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেড-এ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২০

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিক অসন্তোষের মুখে শাহীন ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানা মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

সাভার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিক অসন্তোষের মুখে শাহীন ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানা মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছে। শ্রমিকরা জানায়, খাবার ও যাতায়াতের জন্য তারা ৩২ টাকা করে পায়। এর পরিমাণ ৫০ টাকা করার দাবিতে কয়েকদিন ধরে তারা আন্দোলন করছে। সোমবার কারখানা ও বেপজা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনায় দাবি মানার আশ্বাস দেওয়া হয়েছিল। শ্রমিকরা আরও জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তারা কাজে যোগ দিতে এলে ডিইপিজেড এর কারখানা এলাকায় ভেতরে ঢুকতে দেয়নি বেপজার নিরাপত্তা কর্মীরা। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ফটকে টাঙানো ছিল। সকাল ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিইপিজেডের ২ নম্বর ফটক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল, নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করে। শ্রমিকদের হামলায় কারখানার মহা ব্যবস্থাপক (জিএম) অবসরপ্রাপ্ত মেজর মাইনুল আলম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আহত হন। এছাড়া, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নজমুল হোসেন নামে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে। প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আশুলিয়া থানার উপ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, বিক্ষেভে নেতৃত্ব দেওয়ার সময় শাহিন ফ্যাশনের সুইং সেকশনের শ্রমিক নজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলবে এবং রাতে মামলা করা হবে। বেপজার মহাব্যবস্থাপক এস এম আ. রশিদ জানান, সোমবার কারখানাটিতে শ্রমিক বিক্ষোভ হয়েছিল। আজ (মঙ্গলবার) বিক্ষোভ আরও জোরাল হতে পারে- আশঙ্কায় বেপজা ও কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। এদিকে, বেপজা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ বেলা সাড়ে ১১টার দিকে টেলিকনফারেন্সে দাবি করেন, ডিইপিজেড এ কোনো শ্রমিক অসন্তোষ নেই। কিছু শ্রমিক পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। বেপজার কনফারেন্স রুমে ওই টেলিকনফারেন্সে তিনি বলেন, অন্য যে কোনো জায়গার চেয়ে ইপিজেড এ শ্রমিকদের সুযোগ সুবিধা অনেক বেশি। তবে বিদেশি কারখানার মতো দেশি কারখানাগুলোতে সুযোগ দেওয়া সম্ভব নয়। শাহীন ফ্যাশনস্ লিমিটেডের শ্রমিকদের দাবি নাকচ করে তিনি বলেন, "একটি কারখানায় এককভাবে সুযোগ বাড়ানো সম্ভব নয়। এটি করতে গেলে সব কারখানাতেই সুযোগ বাড়াতে হবে।" আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বেলা ১২ টার দিকে জানান, বর্তমানে পরিস্থিতি থমথমে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জিএনএ/১৪৫৯ ঘ.