ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও তার স্বামী নাজিম কামরান চৌধুরীর তিনটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলশানে তাদের অফিস ভবনে নিজেদের বৈধ ভাড়াটিয়া দাবি করেছে।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে অ্যাডকমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাড়িটিতে ভাড়া থাকার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর অবস্থান ব্যাখ্যা করা হয়।
এতে জানানো হয়, আদালত এক আদেশে অ্যাডকম, সাইনেজ ও মেগাভিশনকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে আদালতে ভাড়া পরিশোধ করার অনুমতি দিয়েছে।
কোম্পানি বিশ্বাস করে আদালতের এ আদেশের ফলে গুলশানের ৪১ নম্বর সড়কের বাড়িটির ভাড়া নিয়ে "গুজব ও সন্দেহের" অবসান হবে।
আদালতের রায়ের একটি কপি গুলশান থানায় পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাড়িটির মালিক ফারহানা ইসলামের অভিযোগ, ভাড়ার চুক্তি শেষ হওয়ার পরও গীতিআরা ও তার স্বামী বাড়িটি দখল করে রেখেছেন। তিনি তাদের বিরুদ্ধে জোরপূর্বক তার সম্পত্তিতে প্রবেশ, ভূমি দখল এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমওয়াই/এডি/ডিডি/এমএইচবি/০১২৫ ঘ.
bdnews24