রুহুল আমিন রানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁচা পাট কেনার মৌসুম শেষ হয়ে গেলেও চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চারটি পাটকল চাহিদা অনুযায়ী পাট কিনতে পারেনি। সরকারের কাছ থেকে পাওয়া বরাদ্দ দিয়ে অর্ধেক পাট কিনতে পেরেছে তারা। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই পাটকলগুলোতে কাঁচামাল সঙ্কট দেখা দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চলতি অর্থবছরে সরকার এ পর্যন্ত পাট ক্রয়খাতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চারটি পাটকলকে ২৭ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয় বলে সংস্থার চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদাউসার রহমান জানান।
তিনি বলেন, চাহিদা অনুযায়ী পাট কিনতে মিলগুলোর আরও ৩৫ কোটি টাকা প্রয়োজন। এ অর্থ বরাদ্দ পাওয়া গেলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।
ফেরদাউসার রহমান জানান, পাট কেনা বাবদ চট্টগ্রামের হাফিজ জুট মিলকে ১০ কোটি ৫০ লাখ টাকা, আমিন জুট মিল ৯ কোটি ৫৩ লাখ টাকা, গুল আহমেদ জুট মিল ৬ কোটি ৬৭ লাখ টাকা এবং বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি ২০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
বিজেএমসির জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের আমিন জুট মিল বরাদ্দ দেওয়া টাকায় ১ লাখ ৫২ হাজার কুইন্টাল চাহিদার বিপরীতে কিনেছে সাড়ে ৬৩ হাজার কুইন্টাল পাট। হাফিজ জুট মিলের চাহিদা প্রায় এক লাখ ৪২ হাজার কুইন্টাল, তারা কিনেছে ৮২ হাজার কুইন্টাল। গুল আহমদ জুট মিলের চাহিদা ৮৭ হাজার কুইন্টাল হলেও তারা কিনতে পেরেছে ৫০ হাজার কুইন্টাল পাট। বাগদাদ-ঢাকা কার্পেট ক্যাক্টরি ২০ লাখ টাকায় ১৭ হাজার কুইন্টাল চাহিদার মাত্র এক-চতুর্থাংশ কিনতে পেরেছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আমিন জুট মিলে মজুদ ২৪ হাজার ৫২৩ কুইন্টাল পাট দিয়ে ৫৪ দিন, গুল আহমদ জুট মিলে ২৪ হাজার ১৯৩ কুইন্টাল দিয়ে ৮৪ দিন, হাফিজ জুট মিলে ৩৮ হাজার ১৫৭ কুইন্টাল দিয়ে ৮২ দিন এবং ১৯১ কুইন্টাল দিয়ে বিডিসিএফের চার দিন চলবে।
তবে পাট ক্রয়ে সরকারের অর্থ বরাদ্দের কারণে মিলগুলোর অবস্থা গত কয়েক বছরের চেয়ে ভালো বলে জানিয়েছেন ফেরদাউসার রহমান।
তিনি বলেন, পাট কেনায় গত বছরগুলোতে চাহিদানুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ায় মিলগুলো উৎপাদনের লক্ষ্যমাত্রার অর্ধেকও পুরণ করতে পারেনি। ফলে শ্রমিক-কর্মচারীদের বকেয়াও বাড়তে থাকে। এ বছর বড় অংকের থোক বরাদ্দ পাওয়ায় অবস্থা আগের চেয়ে ভালো।
বিজিএমসি কর্মকর্তা জানান, মিলগুলো উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে শ্রমিকদের মজুরি-বেতন নিয়ে কর্তৃপক্ষকে বিড়ম্বনায় পড়তে হবে না।
বিজেএমসি কর্মকর্তারা জানান, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পাট কেনার মৌসুম। এ সময়ে পাট কিনলে কম দামে কেনা যায়। পরে কিনতে হলে দাম বেশি পড়ে। ফলে লোকসানের আশঙ্কা থাকে।
কর্মকর্তারা জানান, বর্তমান মজুদ শেষ হয়ে গেলে মিলগুলোর পক্ষে নতুন করে পাট কেনা সম্ভব নাও হতে পারে। আর পাট কিনতে না পারলে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যেই পড়তে হবে পাটকলগুলোকে।
এ প্রসঙ্গে বিজেএমসির উপ-পরিচালক ফেরদাউসার রহমান বলেন, আরও বরাদ্দ দেওয়া না হলে মিলগুলোকে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রির টাকা থেকে পাট কিনে মিল চালু রাখার চেষ্টা করতে হবে। এতে বেতন-ভাতা নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হবে। এজন্য সরকারের কাছ থেকে আরও বরাদ্দের জন্য উদ্যোগ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭১৬ ঘ.
bdnews24