ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, ওজায়ের ফারুকের মৃত্যুতে দেশের আইন অঙ্গনের বড় ধরনের ক্ষতি হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওজায়ের ফারুকের স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।
নোয়াখালী, লক্ষীপুর ও ফেনী জেলার আইনজীবীদের সংগঠন এনএলএস ল'ইয়ারর্স সলিডারিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল আমিন বলেন, আদালতের ভেতরে ওজায়ের ফারুক ছিলেন নতুন আইনজীবীদের জন্য অনুকরণীয়। মামলার ফল যাই হোক না কেন তিনি তা মেনে নিতেন।
এনএলএস লইয়াসরর্স সলিডিরাটির সভাপতি এ টি এম তাহের উল্লাহর সভাপতিত্বে এ স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, পিসি গুহ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ প্রমুখ।
মাহবুবে আলম বলেন, ওজায়ের ফারুকের চরিত্রে সহজাত নেতৃত্বের গুন ছিল। তিনি ছিলেন গণতন্ত্রের জন্য নিবেদিতপ্রাণ।
ওজায়ের ফারুক গত ৩০ ডিসেম্বর মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৮০৬ ঘ.
bdnews24