২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কালজয়ী জাতীয় নেতৃবৃন্দ, মহান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও বীর শহীদানের কথা, যাঁদের চরম আত্মত্যাগ ও অসামান্য অবদানের ফলে বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের কালজয়ী জাতীয় নেতৃবৃন্দ, মহান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও বীর শহীদানের কথা, যাঁদের চরম আত্মত্যাগ ও অসামান্য অবদানের ফলে বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠা পেয়েছে। আজ থেকে ঠিক এক বছর আগে জাতির এক ক্রান্তিলগ্নে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমি শপথ নিয়েছিলাম। বাংলাদেশের পবিত্র সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে, দেশের মানুষের সুখ, সমৃদ্ধি ও গণতান্ত্রিক বিকাশ সমুন্নত রাখার স্বার্থে আমরা সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলাম। অমসৃণ ও বন্ধুর পথে অগ্রসর হয়ে আমরা একটি বছর পাড়ি দিয়েছি। এই এক বছরে সরকারের যুগান্তকারী কার্যক্রম পরিচালনায় আপনারা যেভাবে সহযোগিতা ও নৈতিক সমর্থন জুগিয়েছেন, ঠিক একইভাবে আগামী সময়টুকুতে সর্বাত্মক সহায়তা প্রদান করে যাবেন বলে আমি আশা করি। আপনারা জানেন, গত সপ্তাহে আমি উপদেষ্টা পরিষদ পুনর্বিন্যাস করেছি। পাঁচজন উপদেষ্টা পদত্যাগ করেছেন এবং তাঁদের স্থলে পাঁচজন নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন স্পেশাল এ্যাসিস্ট্যান্টও নিয়োগ পেয়েছেন। এই পরিবর্তনে সামগ্রিকভাবে সরকার পরিচালনায় উদ্যম ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। কী অরাজক ও সহিংস পরিস্থিতিতে দেশে জরুরী অবস্থা জারী এবং আমাদেরকে এই কঠিন দায়িত্ব নিতে হয়েছিল, সেটা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। জাতির উদ্দেশে দেয়া আমার প্রথম ভাষণে আমি তাই বলেছিলাম, রাজনৈতিক ও সামাজিক সুস্থিতি, গণতান্ত্রিক শাসন-ব্যবস্থা সমুন্নত রাখা ও সুদৃঢ় করার লক্ষ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধির চাকাকে সচল রাখা হবে তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ। আমি বলেছিলাম, আমাদের ভবিষ্যতকে করতে হবে আরো আলোকিত, আরো কর্মমূখর। আমাদের অর্জন কী হয়েছে, আপনারাই তা যাচাই করবেন। প্রিয় দেশবাসী, প্রথমেই আমি বর্তমান সময়ের সবচেয়ে উদ্বেগপূর্ণ ও সমস্যা-সঙ্কুল দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়টি আলোচনা করতে চাই। সামগ্রিকভাবে চাল, তেল, গম এবং কিছু নিত্য-প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যে পর্যায়ে পৌঁছেছে তা দেশের নাগরিকদের জন্য, বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য এক দুঃসহ অবস্থার সৃষ্টি করেছে। একই বছর দু-দুটো বৃহদাকারের বন্যা এবং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' বহুবিধ ক্ষয়-ক্ষতির পাশাপাশি খাদ্য-উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় প্রচণ্ড আঘাত হেনেছে। এর ফলে খাদ্য ঘাটতি হবে প্রায় ১৫ লক্ষ টন। এই অভূতপূর্ব পরিস্থিতি মোকাবেলায় আমরা যে সর্বাত্মক প্রয়াস চালিয়েছি সেটা আপনারা দেখেছেন। তবে দুর্ভাগ্যবশতঃ আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের সঙ্গে চালের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। গমের দাম এক বছরে দ্বিগুণ হয়েছে। এক ব্যারেল পেট্রোলের দাম এক'শ ডলার ছুঁয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা গত মাসে সরকারিভাবে জরুরী ভিত্তিতে দশ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে সাড়ে তিন লাখ টন চাল আমদানির চুক্তি সই হয়ে গেছে। ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির ব্যবস্থা চূড়ান্ত করতে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দিল্লীতে আছেন। থাইল্যাণ্ড হতে এক থেকে দুই লক্ষ টন চাল আমদানির জন্য টেণ্ডার আহ্বান করা হয়েছে। ভিয়েতনাম থেকে চাল আমদানির বিষয়টিও আলোচিত হচ্ছে। চালের মূল্য স্থিতিশীল রাখতে সরকার গত ৯ জানুয়ারী থেকে দেশের প্রতিটি শহরে ওএমএস বা খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। এছাড়াও ঢাকায় বিডিআর-এর ন্যায্যমূল্যের দোকানে চাল বিক্রি আগে থেকেই চালু ছিল। দারিদ্র্য-প্রবণ জেলায় যারা দারিদ্র্য-সীমার সর্বনিম্নে অবস্থান করেন তাদের জন্য এমাস থেকে ৬ লক্ষ ভিজিএফ কার্ডে চাল দেয়া শুরু হয়েছে। সিডর উপদ্রুত এলাকায় প্রায় ২৬ লক্ষ ভিজিএফ কার্ডধারীকে গত ডিসেম্বর মাস হতে চার মাসের জন্য চাল অনুদান দেয়া হচ্ছে। ইতিপূর্বে সেপ্টেম্বর-২০০৭ হতে ডিসেম্বর-২০০৭ পর্যন্ত টানা চার মাস সারা বাংলাদেশে ৫৮ লক্ষ মানুষকে ভিজিএফ কর্মসূচীর অন্তর্ভূক্ত করা হয়েছিল। এছাড়াও কাজের বিনিময়ে খাদ্য ও টেস্ট রিলিফ চালুর জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। এসব কার্যক্রম, বিশেষতঃ ওএমএস শুরু করার ফলে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। পত্র-পত্রিকায় এ বিষয়ে খবর প্রচারিত হয়েছে। সরকার বাজার মনিটরিংও জোরদার করেছে। আমি আশা করি, স্থানীয় বাজারে চালের দাম অচিরেই স্থিতিশীল হবে। তবে বিশেষজ্ঞগণ মনে করেন, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে হলে কৃষিকে অগ্রাধিকার দেয়ার কোনো বিকল্প নেই। আগামী বোরো মৌসুমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হচ্ছে। গত তিন বছরের কোনো বছরেই ২৫ লক্ষ টনের চেয়ে বেশী ইউরিয়া সার ব্যবহৃত হয়নি। বর্তমান সরকার বিপুল পরিমাণ সার আমদানিসহ ২৮ লক্ষ টন সার সরবরাহের পদক্ষেপ নিয়েছে। এক কেজি ইউরিয়া সার আমদানিতে সরকারের ব্যয় হয় ৩১ টাকা। আর ১ কেজি সার বিক্রি করা হচ্ছে মাত্র ৫ টাকা ৩০ পয়সায়। বাজেটে চাপ পড়লেও সরকার সার বাবদ কৃষককে এক বিরাট অংকের ভর্তুকি দিচ্ছে। সার যাতে ন্যায্য-মূল্যে সময়-মতো পাওয়া যায় সেজন্য এবছর ১৪ হাজার কেন্দ্র থেকে কৃষক সার কিনতে পারবে, যা পূর্ববর্তী বছরের প্রায় তিনগুণ। উচ্চ ফলনশীল বীজের জন্য ইতিমধ্যে বীজতলা তৈরি হয়েছে। গত বছর পৌনে চার লক্ষ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হয়েছিল। এ মৌসুমে উচ্চ ফলনশীল বীজতলার লক্ষ্য নির্ধারিত হয়েছে সাড়ে বার লক্ষ হেক্টর। সেচের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে। সেচ মৌসুমে কৃষকদের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহে আমরা বদ্ধপরিকর। ধানের দাম বাড়ায় কৃষক বোরো ধান চাষে বেশী উৎসাহী হবে বলে ধারণা করা হচ্ছে। এসকল বাস্তবতার নিরিখে আগামী মৌসুমে বোরো-ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। কৃষি খাতে গবেষণার গুরুত্বের কথা বিবেচনা করে সরকার এই প্রথমবারের মতো ৩৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ রেখেছে। দীর্ঘ-মেয়াদে কৃষিখাতের টেকসই উন্নয়নে এই গবেষণা মূল্যবান অবদান রাখবে বলে আমরা আশা করছি। গত বছর বন্যা-পরবর্তী পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করতে না করতেই এসেছিল বিধ্বংসী ঘূর্ণিঝড় সিডর। ভয়াবহতার দিক হতে এই ঘূর্ণিঝড়টি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের চেয়ে মারাত্মক হলেও সরকারের বিভিন্ন সতর্কতা ও পূর্ব-প্রস্তুতিমূলক পদক্ষেপের ফলে ক্ষয়ক্ষতি, বিশেষতঃ প্রাণহানি, যথেষ্ট কম হয়েছে। সাইক্লোন-উত্তর পরিস্থিতি দ্রুততার সাথে মোকাবেলার উদ্দেশ্যে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই আমার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের সভা অনুষ্ঠানের মাধ্যমে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে যেভাবে দেশের স্বচ্ছল মানুষ, সংগঠন এবং বিদেশী সরকার ও সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে সরকারি কার্যক্রমে সহযোগিতা করেছেন, সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সিডর-পরবর্তী ত্রাণ কার্যক্রম প্রথম ক'দিন, বিশেষতঃ রাস্তাঘাট ও ফেরী ব্যাপকভাবে ধ্বংস হওয়ায়, কিছুটা শ্লথ ছিল। তবে খুব অল্প সময়ের মধ্যেই হেলিকপ্টারযোগে ও নৌপথে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছিল। এবারের বন্যা ও ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনায় দুর্নীতি হয়নি বললে অত্যুক্তি হবে না। সিডরের পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের আশংকা অনেকেই করেছিলেন। তবে জনগণ, সামরিক ও বেসামরিক প্রশাসন এবং এনজিওদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তা প্রতিরোধে সক্ষম হয়েছি। প্রিয় দেশবাসী, দায়িত্ব নেয়ার পর থেকেই বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সকল পক্ষের জন্য সমতলভূমি তৈরির প্রয়াস চালিয়ে আসছে। আমি সুস্পষ্টভাবে আবারও বলতে চাই নির্বাচন কমিশন রচিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে, এবং সম্ভব হলে তার আগেই সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ-নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, সম্পূর্ণ নির্দলীয় ও জনগণের আস্থাভাজন ব্যক্তিদের সমন্বয়ে আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করেছি। পুনর্গঠিত কমিশন নির্বাচন সংক্রান্ত সংশোধিত আইন ও বিধিমালার খসড়া প্রস্তুত করেছে, যা শীঘ্রই চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে তারা সুশীল সমাজ, গণমাধ্যম, পেশাজীবী সংগঠন ও সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় প্রায় শেষ করে এনেছে। আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য আমরা রাজধানী ঢাকায় ঘরোয়া রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। আমাদের প্রতিশ্র"তি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনা শেষ হওয়ার পর পরই নির্বাচনী আইন ও বিধি-বিধানের সংস্কার চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী দেশব্যাপী ছবিসহ ভোটার-তালিকা প্রণয়নের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দুই কোটি ভোটারের ছবিসহ নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন গত সপ্তাহে জানিয়েছে। সশস্ত্রবাহিনীর সহায়তায় পরিচালিত এই কার্যক্রমে জাতীয় পরিচয়পত্রও প্রদান করা হচ্ছে, যা এই অঞ্চলের জন্য এক নজিরবিহীন ঘটনা। কমিশনের কার্যক্রমে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করছে না এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিয়ে আসছে। তাছাড়া কমিশনের প্রাতিষ্ঠানিক বিকাশ ও প্রশাসনিক স্বাধীনতা প্রদানের বিষয়েও সরকার তার আন্তরিকতা প্রদর্শন করে এসেছে। এ উদ্দেশ্যে একটি আইনের খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ছত্রিশ বছরের অস্তিত্বের পর সংবিধানের নির্দেশনা অনুযায়ী আমরা গত পহেলা নভেম্বর থেকে দেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করেছি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এদিনটি তাই বাংলাদেশের ইতিহাসে মাইল-ফলক হিসেবে থেকে যাবে। আমাদের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ম্যানিফেস্টোতে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বারংবার বলা হলেও, ক্ষমতায় গিয়ে তারা কখনোই তা বাস্তবায়ন করেনি। প্রিয় দেশবাসী, দেশে সুশাসন কায়েমের জন্য সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, তথা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ইত্যাদিকে পুনর্গঠন করেছে। সবার কাছে গ্রহণযোগ্য ও দক্ষ ব্যক্তিবর্গকে এসকল প্রতিষ্ঠানের শীর্ষে নিয়োগ দেয়া হয়েছে। এসব সংস্থার প্রাতিষ্ঠানিক বিকাশের প্রক্রিয়াও চলমান আছে। পাশাপাশি নেয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ। দেশে সরকারি প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠায় আমরা বহুমুখী উদ্যোগ নিয়েছি। পুলিশসহ সরকারি সেবাদানকারী সংস্থাগুলোর সেবায় গুণগত মানোন্নয়ন ঘটাতে সিটিজেনস চার্টার, সার্ভিস স্ট্যাণ্ডার্ড, মডেল থানা, ওয়ান-স্টপ সার্ভিস, সাপোর্ট সেন্টার, ইত্যাদি চালুর পদক্ষেপ নেয়া হয়েছে। পাসপোর্ট ডেলিভারির প্রক্রিয়াও দ্রুততর ও সময়োপযোগী করা হয়েছে। অচিরেই তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় আরো সংস্কার আনা হবে। আমরা সরকারি বিধি-বিধান যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছি। প্রশাসন, অর্থনীতি ও বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠিত হয়েছে রেগুলেটরি রিফর্ম কমিশন। এই কমিশন প্রচলিত বিধি-বিধান পর্যালোচনা করে সেগুলো সংশোধন ও হালনাগাদ করবে। এর মূল লক্ষ্য হবে সময়-কাঠামো সুনির্দিষ্ট করা এবং কাজের পদ্ধতি সহজ ও দ্রুততর করা। এতে সরকারি কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম সহজতর হবে। ব্যবসায়ীরা যাতে জাতীয় অর্থনীতিতে আরো বেশী মাত্রায় অবদান রাখতে পারে, সেজন্য আমরা স