চট্টগ্রাম, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ি লুণ্ঠনকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণব কুমার। গত কয়েকদিন ধরে এ অভিযান চলে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মোহাম্মদ সাহেদ, মাসুদ, মোস্তাক, টিটু ও জাহেদ। এদের মধ্যে সাহেদ দলনেতা বলে পুলিশ জানায়।
প্রণব কুমার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মাসুদকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ। তার দেওয়া তথ্যে শুক্রবার রাতে কুমিল্লার গৌরীপুর থেকে দলনেতা সাহেদকে গ্রেপ্তার করা হয়। দলের সদস্য মোস্তাক, টিটু ও জাহেদকে গ্রেপ্তার করা হয় ব্রাক্ষণবাড়িয়া থেকে।
পুলিশ কর্মকর্তা প্রণব কুমার বলেন, এ চক্রটি দীর্ঘদিন থেকে মহাসড়কে কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাকে লুটপাট চালাতো। দলনেতা সাহেদকে দীর্ঘদিন থেকে পুলিশ খুঁজছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮২৬ ঘ.
bdnews24