২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শনিবার সকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

টাঙ্গাইল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শনিবার সকালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। সকাল ৭টায় উপজেলার দেওহাটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান। তিনি জানান, ঢাকা নাটোরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসচালক এবং আরোহী দুই নারী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, পাবনার নিকর হাতা গ্রামের সুফিয়া বেগম (২৮), নাটোরের গোসাইপুর গ্রামের রূপালী (১২)। মাইক্রোবাসচালকের পরিচয় পাওয়া যায়নি। আহত সাত জনকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা জহির উদ্দিন জানান, নিহত রূপালীর বাবা নাজিম উদ্দিন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে মাইক্রোবাসে চড়ে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়ে মির্জাপুর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.