২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌষের শেষে রাজধানীতে পৌষ মেলা

পৌষ মাসের শেষে এসে শুক্রবার রাজধানীর রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বসেছিল 'পৌষ মেলা'। সকাল সাড়ে ৭টায় জাতীয় পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে রমনা বটমূলে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বাউল শিল্পী আব্দুল জাব্বার। মেলায় শীতকালের রকমারি পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 11:20 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌষ মাসের শেষে এসে শুক্রবার রাজধানীর রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বসেছিল 'পৌষ মেলা'। সকাল সাড়ে ৭টায় জাতীয় পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে রমনা বটমূলে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বাউল শিল্পী আব্দুল জাব্বার। মেলায় শীতকালের রকমারি পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা পঞ্জিকা অনুসারে শুক্রবার পৌষের ২৮। পৌষের শেষ দিনগুলোতে শীতের পিঠার আয়োজন নিয়ে পৌষ মেলা বসে থাকে। মেলা প্রাঙ্গণে কয়েকটি স্টলে শীতের পিঠার বর্নাঢ্য পসরা সাজানো হয়। নানা বয়সের দর্শনার্থী ও রমনা পার্কের প্রাতঃভ্রামণিকরা পিঠা স্টলে এসে পিঠা খেয়েছেন। স্টল গুলোতে খেজুরের রস, আখ ও খেজুরের রসের গুড়, ভাপা, চিতই পিঠা বিক্রির স্টলে লম্বা লাইন পড়ে। রমনা বটমূলে মেলার শুরুতে আলোচনা সভায় অধ্যাপক আনিসুজ্জামান পৌষ মেলার বর্তমান প্রেক্ষিত ও বাঙালি জীবনে এর প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বাঙালি হৃদয়ের সঙ্গে শীতকাল ও তার নানা উপাচারের সম্পর্কের কথা বর্ণনা করেন। অনুষ্ঠানে সম্মিলিত স্ংাস্কৃতিক জোটের গোলাম কুদ্দুসও বক্তব্য রাখেন। কবিতা পাঠ করেন আসাদুজ্জামান নূর। আলোচনা পর্ব শেষে বাউল শিল্পীসহ শিশু শিল্পীরা পরিবেশন করে গ্রাম-বাংলার সঙ্গীত, নৃত্য ও দলীয় দেশাত্মবোধক সংগীত। সাবেক সরকারি কর্মকর্তা আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্ত্রী-ছেলেকে নিয়ে সকালে রমনা পার্কে প্রতিদিন হাটতে আসি। আজ অন্যরকম একটি দিন মনে হচ্ছে। পিঠা দিয়ে সকালের নান্তা করে বেশ আনন্দই লাগছে।" মেলা উপলক্ষে রমনা বটমূলসহ চারপাশে অতিরিক্ত পুলিশ ছিল। পুলিশ কনস্টেবল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামের ছুটিতে গেলে শীতের পিঠা আর গান শুনার একটি সুযোগ হয়। কিন্তু রাজধানীতে এমন আয়োজন ভালই লাগছে। সরকারি দায়িত্বের পাশাপাশি সময়টা ভালই কেটেছে।" জাতীয় প্রেস ক্লাবেও শীতের পিঠা পরিবেশন করা হয় সদস্যদের মাঝে। ক্লাবের অনেক সদস্য শুক্রবার পরিবার পরিজনকে নিয়ে সকালের নাস্তাটা করেছেন ক্লাব ক্যান্টিনে । এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরেও দিনব্যাপী পৌষ মেলা অনুষ্ঠিত হয়। পৌষ মেলা উদযাপন পরিষদ এ মেলার আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/১৭০৬ঘ.