ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ । বৃহস্পতিবার পৃথক বাণীতে দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন তারা।
রাষ্ট্রপতি তার বাণীতে আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের মধ্যেই দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তার বাণীতে সবার অকুণ্ঠ সমর্থন ও সক্রিয় সহযোগিতায় একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম শর্ত। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।"
তিনি আরো বলেন, "বন্যা ও প্রলয়ঙ্করী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তাসহ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করায় আমি সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমি আশা করি, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০০৮ সালের মধ্যে দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।"
প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। তাদের রোডম্যাপ অনুসারে ছবিসহ নির্ভুল ভোটার আইডি কার্ড তৈরিসহ অন্যান্য সংস্কারের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সরকার ইতোমধ্যে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কার ও পুনর্গঠন করেছে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার মতো যুগান্তকারী পদক্ষেপও গ্রহণ করেছে।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "বাংলাদেশের ইতিহাসের এক সঙ্কটময় পরিস্থিতিতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। ২০০৭ সালের ২২ জানুয়ারির সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ, দ্বন্দ্ব-সংঘাত, সহিংসতা ও অবরোধ দেশকে এক অনিশ্চিত ও অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেয়। সন্ত্রাস, কালো টাকা ও পেশীশক্তির দুর্দমনীয় প্রাধান্যের পাশাপাশি ত্র"টিযুক্ত ভোটার তালিকা, নির্বাচন কমিশনের বিতর্কিত কার্যকলাপ অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনকে অসম্ভব করে তোলে। দীর্ঘদিনের দুঃশাসন, এক শ্রেণীর লোকের সীমাহীন দুর্নীতি, জনজীবনে স্বস্তি ও গণতন্ত্রের বিকাশকে রুদ্ধ করে দেয়। আর এই প্রেক্ষাপটে পরিবর্তনের অঙ্গীকার ও গণমানুষের ব্যাপক প্রত্যাশার মাঝে যাত্রা শুরু হয় বর্তমান সরকারের।"
বাণীতে আরো বলা হয়, "আমার ও আমার সহকর্মীদের দৃঢ় প্রত্যাশা, সামরিক-বেসামরিক প্রশাসন ও দেশবাসীর অকুণ্ঠ সমর্থন ও সক্রিয় সহযোগিতায় আমরা জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক টেকসই রাষ্ট্র ব্যবস্থা কায়েম এবং বৈষম্য ও বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠায় কাক্সিক্ষত স্তরে পৌঁছাতে পারবো।"
তার দুজনেই একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
এদিকে বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, তত্ত্বাবধায়ক সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের ৬৪টি জেলা তথ্য অফিস বৃহস্পতিবার প্রতিটি জেলায় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে। এতে তত্ত্বাবধায়ক সরকারের গত এক বছরের কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নড়াইল, নাটোর, নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছেন, আলোচনা সভা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, কথামালা ও পথনাটকের আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/টিএইচ/জেকে/০০১৫ ঘ.
bdnews24