২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার লঙ্ঘনের দায় সরকারের: অ্যামনেস্টি

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকারের আন্তর্জাতিক আইন অনুসরণ, বিধিবহির্ভূত আটকাদেশ দেওয়া বন্ধ, সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকারের আন্তর্জাতিক আইন অনুসরণ, বিধিবহির্ভূত আটকাদেশ দেওয়া বন্ধ, সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। অ্যামনেস্টির মহাসচিব আইরিন খান বৃহস্পতিবার ঢাকা শেরাটন হোটেলে সংবাদ ব্রিফিংয়ে বলেন, "বর্তমান সরকারের সময়েও আগের মতো বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা লক্ষ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এর পাশাপাশি নতুন ধরনের বেশ কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার দায় তত্ত্বাবধায়ক সরকারের।" মানবাধিকার রক্ষার দিকে কম নজর দেওয়ার জন্যও তিনি তত্ত্বাবধায়ক সরকারকে অভিযুক্ত করেন। আইরিন খান বলেন, "জরুরি অবস্থার প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করার এখন সময় এসেছে।" যত দ্রুত সম্ভব জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক তৎপরতার ওপর বিধিনিষেধ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। কেবল রাজনীতির সংস্কার নয়, মানবাধিকারের ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনেও দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা দরকার।" আইরিন খানের নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বৃহস্পতিবারের সংবাদ ব্রিফিংয়ে পর্যবেক্ষণের সারসংক্ষেপ তুলে ধরা হয়। ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের এক বছর মেয়াদ পূর্তির ঠিক আগে এই সফরে এসে অ্যামনেস্টি প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারকে একটি সুপারিশমালা দিয়েছে। ওই সুপরিশমালার একটিতে বলা হয়েছে, আইন প্রয়োগের ক্ষমতাসহ নিরাপত্তা ও সামরিক বাহিনীর সদস্যদের কাজে নিয়োজিত করার সময় তাদের জবাবদিহিতার ব্যবস্থা পুলিশের মতোই হতে হবে। এছাড়া, নির্যাতন ও দুর্ব্যবহারসহ মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ বেসামরিক বিচার ব্যবস্থার অধীনে তদন্ত করতে হবে। সুপারিশমালায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া থেকে রক্ষার ব্যবস্থা করার ওপরও জোর দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/এসএনডি/এমএ/১৬৩৬ঘ.