পটুয়াখালী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলায় মুদির হাটে একটি বাজারে আগুন লেঘে ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার রাত ১০ টার দিকে এই অগ্নিকাণ্ডে প্রায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।
পটুয়াখালী ও বরগুনা জেলার আমতলী ফায়ার সার্ভিসের দুটি অগ্নি নির্বাপক ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মী সাদেক হাসান জানান, মুদির হাটের সজল এর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এতে নজরুলের ফার্মেসী, আবদুল মান্নানের মুদি দোকান, শৈলেন শীলের সেলুন, ইব্রাহীমের মুদি দোকান, ইনসান জমাদ্দারের খাবার হোটেল, নিজামের চায়ের দোকান, জহির সর্দারের চায়ের দোকান, সুকুমার শীলের সেলুন, নুরুল ইসলামের ফার্মেসী, সুকুমারের পানের দোকান, মো. হাফেজের পানের দোকান, হাবিবুর রহমানের চায়ের দোকান ও মো. রফিকের চায়ের দোকান পুড়ে গেছে।
তিনি জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
নুরুল ইসলাম ফার্মেসীর মালিক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫০৭ ঘ.
bdnews24