চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলীর ঢেবার পশ্চিম পাড়ে একটি বাড়িতে মঙ্গলবার ডাকাতি হয়েছে।
গৃহকর্তা নাজিম উদ্দিন নাজু দাবি করেছেন, ডাকাত দল নগদ ৪ লাখ টাকা ও ৪৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত প্রায় আড়াইটার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়।
লুট করা মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে দাবি করেন নাজিম উদ্দিন।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক আবদুল গফুর জানান, ডাকাতির খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৮২৬ ঘ.
bdnews24