২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে মাল উদ্ধার না হলে ক্ষতিপূরণ দেবে ব্র্যাক ব্যাংক

"নানীর 'পরীর হারটা' নানা আমার গলায় পরায়ে দিছিল। আমার নানার এইসব স্মৃতি হারায়ে গেলে আমি পাগল হয়ে যাব।" ব্রাক ব্যাংকের ধানমন্ডি শাখার সামনে সোমবার দুপুর থেকে লকার গ্রাহকের হা-হুতাশ রাতের দিকে শোকের রূপ নেয়। আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 07:50 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণের দাবিতে ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। শনিবার রাতে ব্যাংকের স্ট্রং রুমের ছাদ কেটে লকার লুটের ঘটনায় মুষড়ে পড়েছেন তারা। ক্ষোভ আর হতাশা সংবরণ করতে না পেরে সোমবার রাতে কান্নায় ভেঙ্গে পড়েন কেউ কেউ। দুপুরের পর গ্রাহকরা ক্ষতিপূরণ দেওয়ার নির্দিষ্ট সময় উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত মুচলেকা দাবি করেন এবং তা না পাওয়া পর্যন্ত ব্যাংকের সামনেই অবস্থান নেওয়ার ঘোষণা দেন। দীর্ঘ বাদানুবাদের পর ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ তদন্তের মাধ্যমে খোয়া যাওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করবে তারা। ৯০ দিনের মধ্যে মালামাল উদ্ধার না গেলে গ্রাহকরা ক্ষতিপূরণ পাবেন। এই আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। রাত ১২টা ২০ মিনিটে গ্রাহকরা ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। লকার গ্রাহক রাবেদ খান জানান, মঙ্গলবার সকালে তারা একসঙ্গে বসে এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেবেন। তাছাড়া র‌্যাবের মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সরকারের ঊর্ধ্বতন কমকর্তাদের কাছে পাঠানোর জন্য একটি চিঠির কপিও চূড়ান্ত করা হবে। নতুন লকারের কাজ চলছে এই অজুহাতে ব্যাংক কর্তৃপক্ষ রোববার ডাকাতির খবরটি চেপে গেলেও সোমবার টেলিভিশনের খবর শুনে সকাল এগারোটার পর থেকেই ব্যাংকে ছুটে আসতে শুরু করেন গ্রাহকরা। তারা জানতে পারেন, ব্যাংকের ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গ্রাহকরা ওই ৬০টি লকারই ব্যাবহার করতেন। ঠিক কতো টাকার মালামাল খোয়া গেছে ব্যাংক কর্তৃপক্ষ তা জানাতে না পারলেও গ্রাহকরা প্রত্যেকে কয়েকশ ভরি পর্যন্ত সোনার গহনা খোয়া যাওয়ার কথা বলেছেন। ক্ষুব্ধ গ্রাহকদের সামাল দিতে না পেরে দুপুরেই ওই শাখার যাবতীয় লেনদেন বন্ধ করে দেয়া হয়। গ্রাহক রাবেদ খান রাত ১১টায় ব্যাংক কার্যালয়ের সামনে বিডিনিউজ টোয়িন্টিফোর ডটকমকে বলেন, "কর্তৃপক্ষ প্রথমদিন আমাদের কাছে ডাকাতির বিষয়টি গোপন করেছে। তাদের উচিত ছিল রোববারই আমাদের ডেকে বিষয়টি জানানো। কিন্তু আমাদেরকে টিভি দেখে আসল খবরটা জানতে হলো।" তিনি আরো বলেন, "আমরা দুপুর থেকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দেওয়ার নির্দিষ্ট সময় উল্লেখ করে লিখিত মুচলেকা চেয়ে আসছি। প্রথমে তারা লিখিত দিতে রাজি না হলেও চাপের মুখে রাজি হয়েছে। তারা প্রথমে বলেছিল, ১২০ দিনের মধ্যে লুট হওয়া মালামাল উদ্ধার না গেলে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু পরে আমাদের দাবির মুখে ওই সময়সীমা কমিয়ে ৯০ দিন করা হয়েছে।" ডাকাতির খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ব্যাংকের ১২৭ নম্বর লকারের গ্রাহক মনোয়ারা কুদ্দুস উচ্চস্বরে কাঁদতে কাঁদতে ব্যাংকে ঢোকেন। অন্য গ্রাহকরা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করলেও তিনি বলতে থাকেন, "নানীর 'পরীর হারটা' নানা আমার গলায় পরায়ে দিছিল। আমার নানার এইসব স্মৃতি হারায়ে গেলে আমি পাগল হয়ে যাব।" এসময় পাশে কয়েকজন পুলিশ সদস্যকে দেখে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোয়ারা। বলতে থাকেন, "আমি কাউরে ছাড়বো না। আমার ছেলেও আমিরিকান ব্যাংকে চাকরি করে। আমি এখনই আমিরিকার দূতাবাসে অভিযোগ করব। সরকার, র‌্যাব, পুলিশ কেউ কারো বিচার করে না। পুলিশ দেখলে আমার ঘেন্না হয়।" গ্রাহকদের ক্ষতিপূরণের দাবির ব্যাপারে ব্যাংকের হেড অফ মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স আবেদুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের লকারে সম্পদ রাখার ব্যাপারে কোনো সীমাবদ্ধতা নেই। গ্রাহকরা লকারে কি রাখছেন তাও আমাদের জানা থাকে না। আমরা শুধু লকার ভাড়া দেই। লকারের একটি চাবি গ্রাহকের কাছে এবং একটি ব্যাংকের কাছে থাকে। এ কারণে গ্রাহকদের খোয়া যাওয়া মোট সম্পদ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।" আবেদুর রহমান বলেন, "এখন আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত করে খোয়া যাওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করবো। একজন গ্রাহক অভিযোগ জানানোর পর ৯০ দিনের মধ্যে মালামাল উদ্ধার না হলে তিনি ক্ষতিপূরণ পাবেন।" ক্ষুব্ধ গ্রাহকরা আরো অভিযোগ করেন, সোমবার দুপুর থেকে ব্যাংকটির শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম তাদের সামনে আসেননি। এ কারণে ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের সন্দেহ আরো বাড়ছে। তাদের ধারণা ব্যাংকের লোকজনই এই ডাকাতির সঙ্গে জড়িত। এ ব্যাপারে প্রশ্ন করা হলে আবেদুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ১১টায় বলেন, "ব্যবস্থাপক মনিরুল ইসলাম দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ব্যাস্ত ছিলেন। বৈঠক শেষ করে তিনি ইতোমধ্যে ব্যাংকের পথে রওনাও হয়েছেন। যে কোন সময় তিনি এখানে এসে পৌঁছবেন।" শনিবার রাতের কোনো এক সময়ে ব্যাংকটির ধানমণ্ডি কার্যালয়ের ছাদ কেটে স্ট্রং রুমে ঢুকে ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নেয় ডাকাতরা। রাজধানীর শুক্রাবাদে হোটেল নিদমহল ভবনের দোতলায় ব্যাংকের ঠিক ওপরেই হোটেলটির ১০৩ ও ১০৪ নম্বর কক্ষ। পুলিশ জানিয়েছে, ১০৩ নম্বর কক্ষের মেঝেতে গর্ত করেই ডাকাতরা ব্যাংকে ঢোকে। নিদমহলের অভ্যর্থনাকারী ওয়াসিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী পরিচয় দিয়ে তিন ব্যক্তি গত ১ ডিসেম্বর হোটেলে ওঠেন। ২ ডিসেম্বর তারা চারতলা থেকে নেমে তিনতলার ১০৩ ও ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। একমাসেরও বেশি সময় তারা ওই দুটো কক্ষে অবস্থান করেন। রোববার ভোরে অর্থাৎ ডাকাতির ঘটনার পর তারা হোটেল ছেড়ে চলে যান। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছে। পুলিশ হোটেল নিদমহলের চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও মূল ডাকাতদের কাউকে চিহ্নিত করতে পারেনি। ঘটনাস্থল থেকে প্লায়ার্স, বাটাল ও মেঝে পরিষ্কার করার ব্রাশসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/০১৩৬ ঘ.