বিশেষ দ্রষ্টব্য: অতিথি পাখির কারণে চিড়িয়াখানার মূল্যবান পাখির মৃত্যু হয়েছে বলে উপদেষ্টা সিএস করিমের যে উদ্ধৃতি প্রকাশ হয়েছিলো, তা সংশোধিত হয়েছে।
ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিথি পাখিরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস বহন করছে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা সি এস করিম।
তবে অতিথি পাখির কারণেই চিড়িয়াখানার পাখি মারা গেছে কিনা, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
রোববার চিড়িয়াখানায় দুর্লভ পাখি রিয়াসহ আরও কয়েকটি পাখি মারা যাওয়ার খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়।
এ প্রসঙ্গে সোমবার কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে উপদেষ্টা সি এস করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতিথি পাখিরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস বহন করছে। তবে আমরা অতিথি পাখি মেরে ফেলতে পারি না।"
উপদেষ্টা বলেন, পাখি মারা যাওয়ার খবর পাওয়ার পরপরই চিড়িয়াখানায় একজন চিকিৎসক এবং মেডিকেল টিম দেওয়া হয়েছে। কোথাও বেশি সংখ্যক প্রাণী মারা গেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ারও জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ড. সি এস করিম বলেন, চিড়িয়াখানার পাশের জলাশয়ে যে অতিথি পাখি এসেছে সে জায়গাটা ঘিরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাখির খাঁচাগুলোও স্বচ্ছ আচ্ছাদন দিয়ে ঢেকে দিতে বলা হয়েছে। যাতে অতিথি পাখি খাঁচার পাখির সংস্পর্শে না আসতে পারে।
কৃষি উপদেষ্টা বলেন, চিড়িয়াখানার পাখির খাঁচাগুলো দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে দর্শকরা কাছাকাছি যেতে না পারে।
চিড়িয়াখানা লাগোয়া সরকারি মুরগির খামারে গত ২৯ ডিসেম্বর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু সংক্রমণে ১৯ হাজার মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/আরএ/এমআই/ এমএ/১৯২৬ঘ.
bdnews24