২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্র্যাক ব্যাংকে ডাকাতি, ৬০টি লকার লুট

রাজধানীতে ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখায় শনিবার রাতে ডাকাতি হয়েছে। ব্যাংকের ওপর তলার ছাদ কেটে লকার কক্ষে ঢুকে ৭৫টি লকার ভেঙে ৬০টির মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। তবে ঠিক কতো টাকার মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

শুক্রাবাদে হোটেল নিদমহল ভবনের দোতলায় ব্র্যাক ব্যাংকের ওই শাখার ঠিক ওপরেই হোটেলটির ১০৩ ও ১০৪ নম্বর কক্ষ। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০৩ নম্বর কক্ষের মেঝেতে গর্ত করেই ডাকাতরা ব্যাংকে ঢোকে।

ব্র্যাক ব্যাংকের ধানমণ্ডি শাখার ম্যানেজার মনিরুল ইসলাম রোববার রাতে এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই থানার উপ পরিদর্শক সিদ্দিক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে কাউকে আসামি করা হয়নি।

পুলিশ রোববার আবাসিক হোটেল নিদমহলের চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও মূল ডাকাতদের কাউকে চিহ্নিত করতে পারেনি। হোটেলের ৩০৪ নম্বর কক্ষ থেকে একটি প্লায়ার্স, একটি বাটাল ও মেঝে পরিষ্কার করার একটি ব্রাশসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে ঠিক কোন সময় ডাকাতির ঘটনা ঘটে তা জানা না গেলেও ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি টের পায় রোববার। আর ব্যাংকের গ্রাহকদের তা জানানো হয় সোমবার। এ কারণে লকার গ্রহীতাদের অনেকেই সন্দেহ করছেন, এই ডাকাতির সঙ্গে ব্যাংকের লোকজনও জড়িত থাকতে পারে।

নিদমহলের অভ্যর্থনাকারী ওয়াসিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী পরিচয় দিয়ে তিন ব্যক্তি গত ১ ডিসেম্বর হোটেলের চতুর্থ তলার ২০৭ নম্বর কক্ষটি ভাড়া নেয়। নিবন্ধন বইয়ে তারা চট্টগ্রামের হাটহাজারীর একটি ঠিকানা ব্যবহার করে।

পরদিন অর্থাৎ ২ ডিসেম্বর তারা তিনতলার ১০৩ ও ১০৪ নম্বর কক্ষে চলে যায়। ভেতর দিয়ে চলাচলের জন্য পাশাপাশি ওই দুটি কক্ষের মাঝে একটি দরজা রয়েছে। গত একমাসের বেশি সময় তারা ওই দুটো কক্ষেই অবস্থান করে। রোববার ভোরে ওই তিনজন হোটেল ছেড়ে চলে যায়।

ওয়াসিম চৌধুরী জানান, সালাম, আবদুল ও জালাল নামের ওই তিন ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। এদের মধ্যে সালামের দাড়ি আছে। তারা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। ব্যবসার প্রয়োজনে ও সৌদি এয়ারলাইন্সের টিকেটের ব্যাপারে তাদের দীর্ঘ সময় হোটেলে থাকতে হচ্ছে বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

এদিকে রোববার সকালে একজন গ্রাহক ব্যাংকে এসে তার লকারটি ব্যবহার করতে চাইলে এক ব্যাংক কর্মকর্তা লকার কক্ষে ঢুকে ডাকাতির বিষয়টি আবিষ্কার করেন।

ব্র্যাক ব্যাংকের হেড অফ মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা আবিদুর রহমান শিকদার জানান, এর পরপরই লকার কক্ষে গ্রাহকদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। ওই গ্রাহককেও লকার কক্ষে কাজ করার কথা বলে ফিরিয়ে দেয়া হয়। কর্মকর্তারা লকার কক্ষে ঢুকে ছাদে একটি গর্ত দেখতে পান। এরপর হোটেল নিদমহল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে লকার কক্ষের ঠিক ওপরে হোটেলের ১০৩ নম্বর কক্ষে গিয়ে খাটের নিচে মেঝেতে তিন বর্গফুট আকৃতির একটি গর্ত দেখতে পান।

তিনি জানান, ডাকাতরা ব্যাংকের ১৩২টির মধ্যে ৭৫টি লকার ভেঙেছে। এর মধ্যে ৬০টি লকারে ভোক্তাদের মালামাল ছিল। নিয়ম অনুযায়ী, গ্রাহকরা লকারে কি রাখবেন তা ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে বাধ্য নন। এ কারণে ঠিক কত টাকার মালামাল খোয়া গেছে তা এই মুহূর্তে অনুমান করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, "কোনো কোনো ভাঙা লকারে পাসপোর্ট, জমির দলিল বা সঞ্চয়পত্র থাকলেও ডাকাতরা সেগুলো নেয়নি। এ থেকে আমরা ধারণা করছি ডাকাতরা মূলত অলঙ্কারের মতো দামি জিনসগুলোই নিয়ে গেছে।"

এক প্রশ্নের জবাবে নিদমহলের অভ্যর্থনাকারী ওয়াসিম জানান, ওই কক্ষের তিন বোর্ডার প্রায়ই কক্ষে বসে তাস খেলতেন। ঘর পরিষ্কারের কথা বললে বিভিন্ন অজুহাতে রুম বয়দের ওই খাটের নিচের অংশ পরিষ্কার করতে বাধা দিতেন তারা।

তিনি অভিযোগ করেন, পুলিশের পক্ষ থেকে মাঝেমধ্যে হোটেলে এসে বোর্ডারদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার নিয়ম থাকলেও বিদেশী বোর্ডার ছাড়া আর কারও ব্যাপারে তারা কোনো খোঁজ নেয় না।

এদিকে ডাকাতির খবর পেয়ে সোমবার সকাল ১০টার পর থেকেই লকার গ্রাহকরা ব্যাংকটিতে ভিড় করতে শুরু করেন। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

ওই ব্যাংকের গ্রাহক রেজোয়ানা খুকু মনি একটি লকারে তার অলঙ্কার সংরক্ষণ করছিলেন। তিনি বলেন, "রোববার সকালে ব্যাংকে আসার পর কাস্টমার সার্ভিস অফিসার চৌধুরী হাসান জামাল আমাকে বলেন, নতুন লকারের কাজ চলছে। আপাতত সেখানে যাওয়া যাবে না। উনারা সেদিন পুরো বিষয়টি গোপন করে গেছেন। এজন্য আমার সন্দেহ, ব্যাংকের লোকজনই এই ডাকাতির সঙ্গে জড়িত।"

ওই লকারে প্রায় ৮৫ ভরি অলঙ্কার ছিল বলে জানান তিনি।

অন্য একটি লকারের গ্রাহক আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, "কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর আমি একটি লকার ভাড়া করি। এখানে আমার স্ত্রী ও শ্বশুর বাড়ির ১০০ ভরিরও বেশি সোনার গহনা রাখা ছিল।"

ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী জানান, তার লকারে একটি সোনার রোলেক্স ঘড়িসহ প্রায় সাড়ে তিনশ ভরি অলঙ্কার ছিল।

লকার গ্রাহক মামুন আলী অভিযোগ করেন, "ব্যাংক বিষয়টি আমাদের জানায়নি। আমি এক প্রতিবেশীর কাছে খবর পেয়ে রোববার ব্যাংকে ফোন করি। তারা আমাকে সেসময় বলেছিল ডাকাতির খবর ভুয়া।"

গ্রাহক রুখসানা বিনতে হোসেন বলেন, "লকারে আমার কী কী জিনিস ছিল তার বিবরণ চেয়ে এবং ডাকাতির কথা জনিয়ে ব্যাংক কর্তৃপক্ষ গত ৬ জানুয়ারি একটি চিঠি ইস্যু করেছে। কিন্তু তারা আমাদের হাতে চিঠিটি পৌঁছানোর ব্যবস্থা করেনি। ডাকাতির খবর পেয়ে সোমবার ব্যাংকে আসার পর তারা আমাকে চিঠিটি দিয়েছে।"

ব্যাংক কর্তৃপক্ষ প্রথম দিন ডাকাতির ঘটনা চেপে যাওয়ায় অনেকে গ্রাহকই সন্দেহ করছেন, এর সঙ্গে ব্যাংক কর্মীরাও জড়িত।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা আবিদুর রহমান বলেন, "পুলিশের নিষেধাজ্ঞার কারণে আমরা বিষয়টি গ্রাহকদের জানাইনি। তারা আমাদের বলেছে, তদন্তের স্বার্থে বুধবারের আগে লকার রুমে গ্রাহকদের যাওয়া চলবে না।"

এদিকে, পুলিশ রোববার হোটেল নিদমহলের চার কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এরা হলো, রুমবয় শাহ আলম ও সুপন বড়