চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ৮ ঘণ্টার মধ্যে এক গবেষককে উদ্ধার করেছে চট্টগ্রাম পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণের সঙ্গে জড়িত তিন জনকে।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গরীবুল্লাহ শাহ্ মাজার এলাকা থেকে ড. এম ইমামউদ্দিন ভূঁইয়া নামে ওই গবেষককে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। রাত সাড়ে ৩টার দিকে নগরীর পূর্ব ফিরোজ শাহ কলোনির হাজি ঘোনায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশা নিয়ে বাসায় ফেরার পথে গরীবুল্লাহ শাহর মাজার এলাকা থেকে ড. ইমামকে অপহরণকারীরা চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ইমামকে পরিবারের কাছে টেলিফোন করতে বলা হয়। তখন ইমাম তার বন্ধু অধ্যাপক ইউনুস মিয়াকে মুক্তিপণের কথা জানান।
এদিকে ফোন পাওয়ার পর অধ্যাপক ইউনুস অপহরণের বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযানে নামে বলে পুলিশ কর্মকর্তা রবিউল হোসেন জানান।
তিনি বলেন, "ড. ইমামকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযানে নামে। সালাহউদ্দিন নামে সন্দেভাজন এক ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে রাত সাড়ে ৩টার দিকে ফিরোজ শাহ্ কলোনির কাছের পাহাড়ে অভিযান চালিয়ে ড. ইমামকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর দুই জন হলো, তোফাজ্জাল হক রাজু ও রানু বেগম। রানু বেগমের ঘর থেকেই ড. ইমামকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
রবিউল হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।
ড. ইমাম উদ্দিন জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করতেন। দীর্ঘ দিন প্রবাসে থাকার পর মাস তিনেক আগে তিনি দেশে ফেরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24