ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন সচিবালয়কে স্বাধীন করার বিষয়ে আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সামান্য কিছু সংশোধনের পর শিগগিরই এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
সোমবার সকালে ব্যারিস্টার মইনুল হোসেন তার বারিধারার বাসায় সাংবাদিকদের বলেন, "স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়ের আইনগত কাঠামো তৈরি করা হয়েছে। তবে সামান্য কিছু সংশোধন বাকি রয়েছে।"
"নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে এবং তা স্বাধীনভাবেই কাজ করছে", বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয় বর্তমানে সরকার প্রধানের কার্যালয়ের অধীনে। সচিবালয়কে আইন করে স্বাধীন করে দেওয়ার পর এটি প্রধান মন্ত্রীর কার্যালয় (বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে পৃথক হবে।
ব্যারিস্টার মইনুল আরো বলেন, "নির্বাচন কমিশন নিবার্চন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি নির্দিষ্ট সময়ের আগেই তা হতে পারে।"
ঘোষিত রোডম্যাপ অনুসারে এ বছরের অক্টোবরের মধ্যে ছবিসহ ভোটার তালিকার কাজ সম্পন্নের এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
সোমবার সকালে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল খানসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা আইন উপদেষ্টাকে ভোটার তালিকাভুক্ত করেন। একইসঙ্গে তার বাসার ১৫ জন সদস্য ভোটার তালিকার ফরম পূরণ করেন।
পরে ব্যারিস্টার মইনুল সাংবাদিকদের বলেন, "এই প্রথমবারের মতো একটি সুন্দর ভোটার তালিকায় নির্বাচন হতে যাচ্ছে। ছবিসহ ভোটার তালিকায় ভুয়া ভোটারের অন্তর্ভুক্তি সম্ভব নয়। এটি নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের একটি বিরাট সাফল্য।"
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এরইমধ্যে প্রস্তাব করেছেন উপজেলা নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের ব্যাপারে।
এ বিষয়ে তিনি বলেন, "এটি একসঙ্গে করা সম্ভব। তবে বাস্তবতার ভিত্তিতে আলাদা-আলাদাভাবেও করা সম্ভব। এ নির্বাচনগুলো কিভাবে হবে তা নির্বাচন কমিশনই চিন্তা-ভাবনা করবে। এটি তাদের দায়িত্ব। তবে ব্যক্তিগতভাবে আমি মনেকরি সিটি করপোরেশন নির্বাচন আলাদা হলে ভালো হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/জিএনএ/১০৫৮ ঘ.
bdnews24