২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাট আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী শুক্রবার, পূরণ হয়নি অনেক দাবি

শহীদামান, দেড় বছরের কন্যাশিশু। বাবা আব্দুল মান্নান দুই বছর আগে কানসাট বিদ্যুৎ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। মা কবিরুন নেসা দিনমজুর স্বামীকে হারিয়ে দিশেহারা। আরেক নিহত আনোয়ারের এক বছর তিন মাস বয়সের শিশু নিয়ে স্ত্রী মৌসুমী বেগমেরও একই অবস্থা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অনিয়ম ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়া নিয়ম বাতিলের দাবিতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে সেই রক্তাক্ত আন্দোলনের দুই বছর পূর্ণ হবে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 12:48 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদামান, দেড় বছরের কন্যাশিশু। বাবা আব্দুল মান্নান দুই বছর আগে কানসাট বিদ্যুৎ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন। মা কবিরুন নেসা দিনমজুর স্বামীকে হারিয়ে দিশেহারা। আরেক নিহত আনোয়ারের এক বছর তিন মাস বয়সের শিশু নিয়ে স্ত্রী মৌসুমী বেগমেরও একই অবস্থা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অনিয়ম ও কৃষকদের ওপর চাপিয়ে দেয়া নিয়ম বাতিলের দাবিতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে সেই রক্তাক্ত আন্দোলনের দুই বছর পূর্ণ হবে শুক্রবার। কিন্তু এখনও আন্দোলনকারী কৃষকদের সঙ্গে সমঝোতা চুক্তির সব দাবি পূরণ হয়নি বলে জানিয়েছেন তারা। যাদের নির্দেশে কানসাটে পুলিশ সেদিন গুলি করে ১৭ জনকে হত্যা করেছিল তাদের বিচার করতে হবে এ দাবিতেও সোচ্চার আন্দোলনে নিহত ১৭ পরিবারের অনেকেরই। কানসাট বহালাবাড়ি গ্রামের নিহত আব্দুল কাদের জিলানীর বাবা কসিমউদ্দিন বলেন, নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকলেও চলা যায়। কিন্তু ক্ষেতে (সেচযন্ত্রের জন্য) বিদ্যুৎ না থাকলে তো ফসল ফলবে না। সরকার সেদিন আন্দোলনকারীদের সঙ্গে চুক্তি করেছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। আজও তা বাস্তবায়ন হয়নি। ২০০৫ সালের ৪ জানুয়ারি মিটার ভাড়া বাতিল, ন্যূনতম চার্জ প্রত্যাহার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ট্রান্সফর্মার বা তার চুরি হলে সেগুলো কৃষকদের কিনতে হবে বলে যে নিয়ম পল্লী বিদ্যুৎ সমিতি বেধে দিয়েছিল তা বাতিল বিরোধী আইন প্রত্যাহার, ঘুষসহ নানা অজুহাতে অবৈধভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সংগ্রাম পরিষদের ডাকে সেদিন হাজার হাজার কৃষক পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করলে পুলিশ গুলি চালায়। নিহত হয় দুই জন। এরপর আবারও আন্দোলন হলে ২৩ জানুয়ারি নিহত হয় সাত জন, ৬ এপ্রিল চার জন ও ১২ এপ্রিল চার জন। মোট ১৭ জন নিহত ও প্রায় এক হাজার নারী-পুরুষ আহত হন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কানসাট হয়ে উঠে অগ্নিগর্ভ। পাঁচ দফা দাবি রূপ নেয় ১৬ দফায়। চারদলীয় জোট সরকার দাবি মানতে বাধ্য হয়। ১৬ এপ্রিল দু'পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু চুক্তির অনেক দাবি আজো পূরণ হয়নি। সরেজমিন কানসাট ঘুরে দেখা গেছে, এখনও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। শিবনগর জাইগীর গ্রামের মনিরুল ইসলাম বলেন, "যতটুকু বিদ্যুৎ ব্যবহার করা হবে ততটুকুর বিল দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এখনো ন্যূনতম চার্জ নেয়া হচ্ছে।" মোবারকপুর ইউনিয়নের কলাবড়ি গ্রামের আব্দুর রহিম বলেন, "মাঠের মধ্যে সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার, বিদ্যুতের তার চুরির দায় কৃষককে বহন করতে হচ্ছে। একদিকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে চলা দায়। তারপর জমি বিক্রি করে বন্ধক রেখে কৃষক বাধ্য হচ্ছে তার ও ট্রান্সফরমার কিনতে। এটা সম্পূর্ণ কৃষক বিরোধী নিয়ম। এ নিয়মের জন্যতো এলাকার মানুষ আন্দোলন করেনি, প্রাণ দেয়নি।" কৃষকরা জানান, তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা আবার আন্দোলনে নামবে। পল্লী বিদ্যুৎ আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, যে দাবি নিয়ে আন্দোলন করা হয়েছিল তার আংশিক পূরণ হয়েছে। বিগত জোট সরকার দাবি মানা হবে বলে চুক্তি স্বাক্ষর করলেও তারা সব মানেননি। তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল পল্লী বিদ্যুতের শোষণ বঞ্চনা থেকে মুক্তি। আমরা আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সব দাবি পূরণের ব্যাপারে সচেষ্ট হবে।" গোলাম রব্বানী বলেন, "এই সরকারতো নির্বাচিত না। আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে পুরো দাবি মেনে নেয়ার আবেদন জানানো হবে। না মানলে আবারও আন্দোলনে যাব।" পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক এসএম মোজাম্মেল হক বলেন, "নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও সারাদেশই বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এখন ১৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে পিক আওয়ারে মাত্র ৮ ও অফপিকে ১৪ মেগাওয়াট। তবে বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে ভাল।" গ্রাহকদের ন্যূনতম চার্জ প্রসঙ্গে বলেন, "ন্যূনতম চার্জের দাবিটি প্রধান কার্যালয় না মানায় আমরা কিছু করতে পারছি না।" গ্রাহকদের ট্রান্সফরমার ও তার চুরির ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, "সরকার আমাদের এ বাবদ কোনো ভর্তুকি দেয় না। তাই এটা গ্রাহকদের দিতে হবে।" স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে নিহতদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করার কথা থাকলেও দুই বছরেও তা নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে মোজাম্মেল হক জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তাদের হাতে কোন তহবিল নাই্। এদিকে শুক্রবার কানসাট বিদ্যুৎ আন্দোলনে নিহতদের স্মরণে কানসাটের পুকুরিয়ায় স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৪২ ঘ.