নরসিংদী, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার শেখেরচর ফুলতলীতে বুধবার রাতে গণপিটুনীতে দুই ডাকাত নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ৭/৮ জনের একটি ডাকাত দল ওই গ্রামের স্বরস্বতী রাণী সাহার বাড়িতে হানা দেয়। এ সময় স্বরস্বতীর ভাই মনি সাহা তাদের বাধা দিলে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
হৈ চৈ শুনে আশপাশের লোকজন দৌড়ে এলে ডাকাতদল পার্শ্ববর্তী ব্যবসায়ী মোসলেম মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় গ্রামবাসীরা ওই বাড়ি ঘিরে ফেলে এবং তিন ডাকাতকে আটক করে। পরে উত্তেজিত জনতা গণপিটুনী দিলে ঘটনাস্থলেই সাগর (২২) ও সজল (২১) নামের দুই ডাকাত নিহত হয়।
অপর ডাকাত আমির হোসেনকে আহত অবস্থায় মাধবদী ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আহত মনি সাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৫ ঘ.
bdnews24