চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নগরীর খুলশী থানাধীন ঢেবার পাড় এলাকা থেকে বুধবার গভীর রাতে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু বক্কর ওরফে কানা বক্করকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি একনলা বন্দুক ও একটি এলজি এবং ৬টি বন্দুকের গুলি উদ্ধার করেছে।
খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মুন্নী আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে দুইটার দিকে বক্কর ও তার সহযোগীরা লালখান বাজার ঢেবার পাড় সংলগ্ন এম আর সিদ্দিকীর বাংলোর নিচে সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছে এ খবর পেয়ে পুলিশের একটি দল তাদের আটক করতে ঘটনাস্থলে যায়।
তিনি জানান, সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় পুলিশের গুলিতে সন্ত্রাসী কানা বক্কর আহত হন। পুলিশ সদস্যরা ১৩ রাউন্ড গুলি ছোঁড়ে বলে তিনি উল্লেখ করেন।
সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হন। এরা হলেন- সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ ও কনস্টেবল আবদুল ওয়াজেদ। তাদের দামপাড়া পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বক্কর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ১৮ টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী।
এই ঘটনায় খুলশী থানায় দুটি পৃথক মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মুন্নী আক্তার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৫৩০ ঘ.
bdnews24