ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডির একটি খাবার দোকান থেকে মঙ্গলবার র্যাব একটি ম্যারেজ মিডিয়া প্রতিষ্ঠানের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- শায়লা হক মোনালিসা (২৫), আব্দুল মান্নান (৫৪), আঁখি (২২), আমান (২৮), জয় (২৩), নয়ন (২২), রায়হান (২১), পাভেল শিকদার (২২), হাফিজ (৩৪)।
র্যাব-১ এর মেজর মো. সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমন্ডির রাপা প্লাজার বিপরীতে একটি ভবনে ১৫ হাজার টাকায় কক্ষ ভাড়া নিয়ে চালানো হচ্ছিল 'দেশ বাংলা' নামের ওই ম্যারেজ মিডিয়া। কানাডায় ইমিগ্রেশন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক শায়লা হক মোনালিসার নেতৃত্বে একটি চক্র এ কাজে জড়িত ছিল।"
মেজর সাইফুল ইসলাম আরও জানান, শায়লা হক মোনালিসা প্রতিষ্ঠানটিকে একটি এনজিও হিসেবে দেখিয়ে ম্যারেজ মিডিয়ার কাজ করত। এ জন্য তারা কয়েকটি ভুয়া ট্রেড লাইসেন্স ব্যবহার করেছে। এরা প্রথমে কানাডায় ইমিগ্রেশন পাওয়ার নিশ্চয়তায় পাত্র চেয়ে বিভিন্ন পত্রিকায় লোভনীয় বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে মোনালিসা নিজেই কানাডীয় নাগরিক পাত্রী সাজত। পাত্রী দেখার ফি হিসেবে নেওয়া হতো চার হাজার টাকা করে।
সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি ২৭ নাম্বার সড়কের মাথায় ইয়াম্মী ইয়াম্মী রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তারা রেস্টুরেন্টে বসে এক পাত্রের সঙ্গে কথা বলছিল।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মোনালিসা প্রথমে নিজেকে কানাডীয় নাগরিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা বলে দাবি করেন। কিন্তু পরে সে স্বীকার করেন তাদের দীর্ঘদিনের এ প্রতারণার কথা।
গ্রেপ্তারকৃতদের উত্তরায় র্যাব-১ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ডিডি/এমএইচবি/০০০৪ ঘ.
bdnews24