২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিএফআই কর্মকর্তার সঙ্গে ঢাবি শিক্ষক নেতাদের বৈঠক

কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-র সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ। মঙ্গলবার ডিজিএফআই-র পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এটিএম আমিনের সঙ্গে এই বৈঠকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সচল রাখার স্বার্থে আগামী ৭ জানুয়ারীর মধ্যে কারাবন্দি শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যবস্থা করতে তাকে অনুরোধ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-র সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ। মঙ্গলবার ডিজিএফআই-র পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল এটিএম আমিনের সঙ্গে এই বৈঠকে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সচল রাখার স্বার্থে আগামী ৭ জানুয়ারীর মধ্যে কারাবন্দি শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যবস্থা করতে তাকে অনুরোধ জানান। দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহম্মদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সন্ধ্যায় অধ্যাপক তাজমেরী এস ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনের সঙ্গে কারাবন্দি ছাত্র-শিক্ষক মুক্তির বিষয়ে আমাদের কথা হয়েছে। এ সময় তাকে জানানো হয়েছে ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম শুরু হবে। তাই শিক্ষাকার্যক্রম সচল রাখার স্বার্থে আগামী ৭ জানুয়ারীর মধ্যে শিক্ষক-ছাত্রদের মুক্তির জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।" অধ্যাপক তাজমেরী বলেন, "আমাদের অনুরোধের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, এটা যেহেতু আইনি প্রক্রিয়াধীন ব্যাপার, তাই একটু সময়সাপেক্ষ। তবে এটি দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।" ৭ জানুয়ারীর মধ্যে শিক্ষক-ছাত্রদের মুক্তি দেওয়া না হলে ৮ জানুয়ারি থেকে প্রস্তাবিত আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে কি না জানতে চাওয়া হলে অধ্যাপক তাজমেরী সরাসরি উত্তর না দিয়ে বলেন, "এই কর্মসূচির ব্যাপারটিও ওই কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। যদি তা না হয় (ছাত্র-শিক্ষকদের মুক্তি) তবে শিক্ষকরা কর্মসূচি দেওয়ার জন্য চাপ দিতে পারে বলে তাকে জানানো হয়েছে।" আগামী ১৫ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তাজমেরী বলেন, "বিশ্ববিদ্যালয়ের আরও অনেক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। নির্বাচনের বিষয়েও কথা হয়েছে। দেশে জরুরি অবস্থা বিরাজ করায় যে কোন নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের অনুমতি প্রয়োজন। সমিতির নির্বাচন কমিশনার সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অনুমতি নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এমএইচবি/২২০০ ঘ.