লক্ষ্মীপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুরে অলাদা তিনটি হত্যা মামলায় রোববার সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহাম্মদ মুজিবুল কামাল দুপুরে এক রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
তাদের বিরুদ্ধে ২০০৪ সালের ১৮ এপ্রিল রাতে অজ্ঞাতনামা এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হল সদর উপজেলার দত্তপাড়া গ্রামের মধুরাম প্রকাশ মনু (৩০), বাবুল (৩০), বেলাল প্রকাশ বেলা (২৬), আব্দুল গনি প্রকাশ সোহাগ প্রকাশ লেছু মিয়া (২০) ও ইসমাইল হোসেন প্রকাশ শাহীন (২২)। এদের মধ্যে প্রথম তিনজন পলাতক এবং বাকি দুইজন জেলে রয়েছে।
আরেক মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ ক ম জহুরুল আলম জাহানারা বেগম নামে এক গৃহবধূ হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হল জাহানারার স্বামী সুজন ও সুজনের রুহুল আমিন। এর দুজনই কারাগারে আছে।
যৌতুকের দাবিতে জাহানারা বেগমকে ২০০১ সালের ২ এপ্রিল হত্যা করা হয়।
একই আদালত শ্রীকৃষ্ণ মজুমদার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হল নুরুল আমিন, নিজামউদ্দিন ও জয়নাল আবেদিন। এদের মধ্যে প্রথম দুজন পলাতক এবং তৃতীয়জন জেলহাজতে আছে। এদের সকলের বাড়ি রায়পুর উপজেলার সাগরদী গ্রামে।
১৯৯৮ সালের ২২ ফেব্র"য়ারি সদর উপজেলার চররুহিতা গ্রামে অপহরণের পর শ্রীকৃষ্ণকে হত্যা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪৬ ঘ.
bdnews24