ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একজন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করার জন্য সুপারিশ করতে যাচ্ছে বিমানের নিয়োগ সংক্রান্ত উপকমিটি। এ সুপারিশে প্রধান নির্বাহী পদে নিয়োগের জন্য প্রার্থীকে আন্তর্জাতিক কোনো বিমান কোম্পানিতে অন্তত ১৫ বছর কাজ করার অভিজ্ঞতাসহ আরো কিছু যোগ্যতার শর্তের কথা বলা হয়েছে।
সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। উপকমিটি সুপারিশটি পাঠাবে বিমানের পরিচালনা পরিষদে। সেখানে চূড়ান্ত হলেই সিইও নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।
রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে উপকমিটির চেয়ারম্যান ও জ্বালানি সচিব এএমএম নাসিরুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তারা শিগগিরই যোগ্যতার বিষয়টি উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে একজন সিইও নিয়োগ করার সুপারিশ করতে যাচ্ছেন।
নাসিরুদ্দিন জানান, উপকমিটির সুপারিশে বিমানের সিইও পদের জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা ঠিক করা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে বিমান পরিচালনায় যুক্ত দেশি বা বিদেশি কোনো এয়ারলাইন্সে অন্তত ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা। এর মধ্যে অন্তত তিন বছর কোনো শীর্ষ পদে কাজ করারও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী যোগ্যতার অন্যান্য শর্ত হচ্ছে, বয়স ৪০ থেকে ৫৫ বছর, বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ, এভিয়েশনের আইন-কানুন সম্পর্কে ধারণা, এয়ারলাইন্সগুলোর সঙ্গে দর কষাকষির অভিজ্ঞতা।
প্রতিবেশী কোন দেশের এয়ারলাইন্সের সিইওর বেতন-ভাতার হিসেবে বিমানের সিইওর বেতন ঠিক করার জন্য সুপারিশ করা হয়েছে।
জ্বালানি সচিব নাসিরুদ্দিন জানান, বিমানের জন্য অপারেটর নিয়োগ করার বিষয়ে আপাতত তারা কোনো সুপারিশ করবেন না। অন্যান্য এয়ারলাইন্সে এ ধরনের অপারেটর না থাকায় এর জন্য যোগ্যতা কি হবে সে বিষয়ে তারা পরিষ্কার নন।
তিনি জানান, বিশ্ব ব্যাংক বিমান নিয়ে যে সমীক্ষা করতে যাচ্ছে, তাতে যেনো অপারেটর নিয়োগের বিষয়টি যুক্ত হয় তার জন্য উপকমিটির পক্ষ থেকে একটি সুপারিশ থাকছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/বিআর/আরএ/এমএসবি/এমএ/১৮৫৩ ঘ.
bdnews24