২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার আইন নির্বাচিত সরকারেরই করা উচিত: বিচারপতি হাবিবুর রহমান

সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, তথ্য অধিকারের বিষয়টিকে আইনি কাঠামোতে নিয়ে আসতে হবে। আর এই আইন নির্বাচিত সরকার করলেই ভাল হয়। হাবিবুর রহমান বলেন, "একদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, অন্যদিকে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা- এ দুয়ের মধ্যে ভারসাম্য রেখেই আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, তথ্য অধিকারের বিষয়টিকে আইনি কাঠামোতে নিয়ে আসতে হবে। আর এই আইন নির্বাচিত সরকার করলেই ভাল হয়। হাবিবুর রহমান বলেন, "একদিকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, অন্যদিকে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা- এ দুয়ের মধ্যে ভারসাম্য রেখেই আমাদের প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।" শুক্রবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান উপদেষ্টা বলেন, "তথ্য অধিকারের বিষয়টিকে একটি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসা প্রয়োজন।" তিনি তথ্য অধিকার আইনের গ্রহণযোগ্যতা ও সরকারি জবাবদিহিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন প্রয়োগে বিশ্বস্ত থাকা এবং এর অপব্যবহার রোধে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি। বিচারপতি হাবিবুর রহমান বলেন, "তথ্য অধিকারের আইন নির্বাচিত সরকার করলেই ভাল হয়। এতে আইনের গ্রহণযোগ্যতা ও সরকারি জবাবদিহিতা অধিকতর দৃশ্যমান হবে। নির্বাচিত সরকারকে তথ্য অধিকার আইন আপন করে নিতে হবে এবং বিশ্বস্ততার সঙ্গে প্রয়োগ করতে হবে। তার অপব্যবহারও রোধ করতে হবে। যিনি শাসক তার নিজের স্বার্থেই প্রজা সাধারণকে তথ্য জানাতে হবে।" স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাস লাইন মিডিয়া সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, "তথ্য অধিকারকে জনগণের ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে দেখতে হবে। জনসচেতনতা হলো সামাজিক পুঁজি। তথ্য অধিকারের মাধ্যমে সেই পুঁজিকে সমৃদ্ধ করা যায়।" আইন কমিশনের সদস্য ড. এম এনামূল হক বলেন, "একজন নাগরিক হিসেবে প্রত্যেকের জানার অধিকার আছে। অফিসিয়াল সিক্রেসি আইনে যতটা তথ্য গোপন রাখতে হয় সেটা যেন জনগণের স্বার্থেই রাখা হয়।" সেমিনারে দ্বিতীয় পর্বের বিষয় ছিল 'জলবায়ু ঝুঁকি ও তথ্য অধিকার'। এই পর্বে অতিথি ছিলেন পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম রেজাউল কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ আবু এম কামাল উদ্দীন ও নাসিমুল হক। মূল প্রবন্ধে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সময়মত সঠিক তথ্য মানুষের কাছে পৌছানো দরকার, এটা তাদের অধিকার। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে এটা আরো বেশি প্রয়োজনীয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের বিপদ মোকাবেলায় তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীক্জ্জুামানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান, জলবায়ু গবেষক খুরশিদ আলম, আইইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি আইনুন নিশাত এবং উন্নয়ন সমুন্বয়ের সভাপতি ড. আতিউর রহমান। তথ্য অধিকার আন্দোলনকে বেগবান ও ব্যক্তির তথ্য প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠা করতে বিভিন্ন দেশের বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ২০০২ সালে বুলগেরিয়ার সোফিয়ায় এক সম্মেলনে ২৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'তথ্যের অধিকার সুশাসনের অঙ্গীকার'। রাজধানীর বাইরের কর্মসূচি: রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বাগেরহাটে মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন- ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), মানুষের জন্য ফাউন্ডেশন, ডি ডট নেট, শাপলা ফুল, রুপান্তর এবং বিএনএনআরসি যৌথভাবে শোভাযাত্রা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে টিআইবি বাগেরহাট কার্যালয়ে শুক্রবার বিকালে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু। কুড়িগ্রামে জেলা মোটর মালিক সমিতির হল রুমে আলোচনার সভার আয়োজন করে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি। একে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এটিএম এনামুল হক চৌধুরী, আব্দুল খালেক ফারুক, আব্দুস সাবের, এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, শ্রী রবীন্দ্রনাথ রায়, মো. শাহাবুদ্দিন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/এমএসবি/এসকে/২১১৬ঘ.