২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় নেতাদের কারাগারে রেখে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা সফল হবে না : দেলোয়ার

বিএনপি ও আওয়ামী লীগের বড় নেতাদের কারাগারে আটক করে রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, "ওই ধরনের নির্বাচন নিয়ে দেশবাসীর মনে যথেষ্ট সন্দেহ রয়েছে।" বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন,"দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে বুধবার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও আওয়ামী লীগের বড় নেতাদের কারাগারে আটক করে রেখে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, "ওই ধরনের নির্বাচন নিয়ে দেশবাসীর মনে যথেষ্ট সন্দেহ রয়েছে।" বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের ন্যাম ফ্ল্যাটে সাংবাদিকদের তিনি বলেন,"দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ তার পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে বুধবার দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাটি হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত।" খোন্দকার দেলোয়ার হোসেন একইসঙ্গে ওই মামলা থেকে সাবেক নৌ-বাহিনীর রিয়্যাল অ্যাডমিরাল মরহুম এম এ খানের স্ত্রী ও তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ও তার মেয়ে ডা. জোবাইদা রহমানকে অব্যাহতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, "সরকার ইচ্ছা করলে বিশেষ ব্যবস্থায় মামলা প্রত্যাহার অথবা মামলা থেকে যে কাউকে অব্যাহতি দিতে পারে। তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানের বয়স বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হবে বলে আশা করি।" বিএনপি মহাসচিব আরও বলেন, "নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এখনো অনেক দেরি, এখনই নির্বাচন সম্পর্কে কিছু বলা যাবে না। তবে অবস্থা দেখে মনে হচ্ছে সরকার একটা পরিকল্পনা নিয়েই কাজ করছে।" তিনি জানান, বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া অর্থবহ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এর আগে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) নেতারা তার সঙ্গে দেখা করে মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জিসাসের চেয়ারম্যান আবুল হাশেম রানা, নৃত্যশিল্পী জাবেদ, দিদার মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান বয়াতী, গায়িকা তানিয়াসহ জিসাস নেতারা উপস্থিত ছিলেন। তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করার অনুমতি না দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানান। এ সময় খোন্দকার দেলোয়ার তারেকের স্ত্রী ও শাশুড়িকে দুর্নীতি দমন কমিশনের মামলায় জড়িত করা প্রসঙ্গে বলেন, "আমি কি করি বা করবো তা আমার স্ত্রী বা শাশুড়ির জানার কথা নয়, ডা. জোবাইদা রহমান মেধাবী ছাত্রী ছিলেন এবং নৌ-বাহিনী প্রধানের স্ত্রীও একজন সম্মানিত ব্যক্তি। তাদের বিরুদ্ধে মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি জিসাস নেতাদের তাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৩০০ ঘ.