ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার দায়ের করা রিট আবেদনের চুড়ান্ত শুনানি ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। রিটের চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত থাকবে।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ বুধবার রিট আবেদনের হাসিনা ও দুদকের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানিতে হাসিনার কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক বলেন, দুদকের আইন লঙ্ঘন করে শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। এর আগে শেখ হাসিনার বক্তব্য শোনা হয়নি। আইন অনুুযায়ী নোটিশ দেওয়ার আগে দুদক প্রাথমিক অনুসন্ধানও করেনি।
ব্যারিস্টার রফিক উল হক আরও বলেন, "গ্রেপ্তার হওয়ার পর শেখ হাসিনাকে নোটিশ পাঠায় দুদক। গ্রেপ্তারের সময় তার সম্পত্তির সব দলিল জব্দ করা হয়। এসব তিনি ফেরত চাইলেও দেওয়া হয়নি। এই দলিলগুলো ছাড়া তিনি কীভাবে কারাগারে বসে সম্পত্তির হিসাব দেবেন?"
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল শুনানিতে বলেন, "দুদক স্বাধীন। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এ মামলায় শুনানিতে অংশ নিচ্ছি না। কমিশনের পক্ষে সিনিয়র আইনজীবী হিসেবে বক্তব্য রাখছি।"
আদালত এ সময় বলে, তাহলে এ রিটে রুল জারির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ কীভাবে বক্তব্য রেখেছিলেন?
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রুল জারির সময় অ্যাটর্নি জেনারেলের পক্ষে সাংবিধানিক দায়িত্ব হিসাবে তিনি বক্তব্য রাখতে পারেন।
আদালত বলেন, তাহলে এ মামলায় এখন আর সরকার আগ্রহী নয়।
এ কথা মেনে নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "সরকার আগ্রহী নয়, তবে কমিশন আগ্রহী।"
ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, "আয়ের সঙ্গে কারো সম্পত্তি অসঙ্গতিপূর্ণ হলে কমিশন দুদক আইনের ২৬ ধারা অনুযায়ী সাত দিনের মধ্যে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিতে পারে। শেখ হাসিনাকে নোটিশ দেওয়ার পর তিনি হিসাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। তাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এর আগে রিট করেছেন।"
তিনি আরও বলেন, "দুর্নীতি প্রতিরোধে কমিশনের কার্যক্রমে ব্যাপক সাড়া এসেছে। আইন মোতাবেক শেখ হাসিনার কাছে সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে। শেখ হাসিনাও চেয়েছিলেন দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর কমিশন হোক।"
পরে আদালত রিট আবেদনের চুড়ান্ত শুনানি ৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ১৬ জুলাই সুধাসদন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক।
এর বৈধতা নিয়ে হাসিনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই বেঞ্চ ৭ আগস্ট দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে দিয়েছিল। এই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য হাইকোর্ট দুদক ও সরকারের প্রতি রুলও জারি করে।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সরকার ও দুদক সুপ্রিম কোর্টে আবেদন জানালে ২৭ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ মূল রিট মামলার চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করে দেয়। সে সময় সাত দিনের মধ্যে দুদকে সম্পত্তির হিসাব দিতেও হাসিনাকে নির্দেশ দেয় আপিল বিভাগ।
গত ১৯ সেপ্টেম্বর রিটটি হাইকোর্টে চুড়ান্ত শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান সময়ের আবেদন জানান। আদালত সরকারকে এক সপ্তাহ সময় দিয়ে দুদকের নোটিশের কার্যক্রম রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করে। নোটিশের কার্যক্রম স্থগিতের সেই আদেশ বহাল থাকবে বলে বুধবার হাইকোর্ট আদেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৭৫৬ ঘ.
bdnews24