ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জরুরি অবস্থা তুলে নিতে সরকারও আগ্রহী। তবে বিষয়টি নির্ভর করছে রাজনীতিবিদদের ওপর। তাদের আচরণ এবং কর্মকাণ্ডের ওপরই নির্ভর করবে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে কিনা।
সোমবার ভূমি মন্ত্রণালয়ে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মইনুল হোসেন একথা বলেন।
একদিন আগেই প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এটিএম শামসুল হুদা বলেছিলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় নির্বাচনগুলো করতে ডিসেম্বরের শেষে ঘরোয়া রাজনীতি চালু করা তো বটেই, জরুরি অবস্থাও শিথিল করা প্রয়োজন।
ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল বলেন, "নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছে তা ভেবে দেখা সরকারের দায়িত্ব। তবে এটাও ঠিক যে দেশে সঙ্কটের সৃষ্টি হয়েছিল রাজনীতিবিদদের কারণেই। তাই আগে তাদের আচরণের পরিবর্তন করতে হবে।"
উপদেষ্টা বলেন,"আমরা জরুরি অবস্থা জারি করতে চাইনি। রাজনীতিবিদদের কারণেই জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছি। এখন আমরা এটা প্রত্যাহার করে নিতে চাই, তবে তা নির্ভর করবে রাজনীতিবিদদের আচরণ এবং কর্মকান্ডের ওপর।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এসকে/১৪৪৪ঘ.
bdnews24