২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের অভিযোগে আমিনুল, দুলু, নাদিম মোস্তফার বিরুদ্ধে আরও মামলা

জঙ্গি মদদদান ও চাঁদাবাজির অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৭১ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। রোববার রাজশাহী আমলি আদালত-৩ মামলা দুটি দায়ের করেন বাঘমারা উপজেলার দাসপাড়া গ্রামের মঞ্জুর রহমান ও একই উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের খবির উদ্দিন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদদান ও চাঁদাবাজির অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ৭১ জনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। রোববার রাজশাহী আমলি আদালত-৩ মামলা দুটি দায়ের করেন বাঘমারা উপজেলার দাসপাড়া গ্রামের মঞ্জুর রহমান ও একই উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের খবির উদ্দিন খোকা। আদালত অভিযোগ দুটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছে। মঞ্জুর রহমানের দায়ের করা মামলায় রুহুল কুদ্দস তালুকদার দুলু, নাদিম মোস্তফা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ ৩২ জনকে আসামি করা হয়। এ মামলার অভিযোগে বলা হয়, আসামিদের মদদে জেএমবি সদস্যরা ২০০৪ সালে বাদির কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় ২০০৪ সালের ২২ এপ্রিল জেএমবি সদস্য রমজান কায়ার বাড়িতে বাংলাভাইয়ের ক্যাম্পে ধরে নিয়ে বাদিকে নির্যাতন করা হয়। খবির উদ্দিন খোকার দায়ের করা মামলায় ব্যারিস্টার আমিনুল হক ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৩৯ জনকে আসামি করা হয়। এ মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের মদদপুষ্ট বাংলাভাইয়ের নেতৃত্বাধীন জেএমবি সদস্যরা বাদির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকার ৩২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা দিতে না পারায় ২০০৪ সালের ১৫ এপ্রিল বাংলা ভাইয়ের নির্যাতন ক্যাম্পে নিয়ে বাদিকে মারধর করা হয়। জঙ্গি মদদের অভিযোগে এর আগে অপর একটি মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুলের ৩১ বছর ছয় মাস কারাদণ্ড হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন। একই দলের সাবেক সাংসদ নাদিম মোস্তফাও পলাতক রয়েছেন। প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় তার ৫ বছরের জেল হয়েছে। চাঁদাবাজির অভিযোগে অপর এক মামলায় ১০ বছর সাজা হয়েছে তার। তবে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ দায়ের করা অপর একটি মামলায় খালাস পেয়েছেন নাদিম মোস্তফা। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। নাটোরে বাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা দুই মামলায় তার ২০ বছর সাজা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৩০ ঘ.