২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলা: চূড়ান্ত নিষ্পত্তি বা নতুন শুনানির বিষয়ে সিদ্ধান্ত রোববার

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ আসামির লিভ টু আপিলের ওপর রোববার রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনকে নিয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেবে। রায়ে আসামিদের লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) হলে আপিলের ওপর আবার শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দি পাঁচ আসামির লিভ টু আপিলের ওপর রোববার রায় দেবে সুপ্রিম কোর্ট। বিচারপতি তাফাজ্জাল ইসলাম, বিচারপতি জয়নাল আবেদীন ও বিচারপতি মো. হাসান আমিনকে নিয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেবে। রায়ে আসামিদের লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) হলে আপিলের ওপর আবার শুনানি হবে। সেই শুনানি নিষ্পত্তি হলেই শেষ হবে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত বিচার। অন্যদিকে, আদালত লিভ টু আপিল খারিজ করলে চূড়ান্তভাবে তখনই এ বিচারের নিষ্পত্তি হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কয়েক সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এর প্রায় ২১ বছর পর ১৯৯৬ সালের ২ অক্টোবর শেখ মুজিবুর রহমানের তৎকালীন ব্যক্তিগত সহকারী মুহিতুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার দায়রা জজ গোলাম রসুল এ মামলায় ২০ আসামির মধ্যে ১৫ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই ১৫ আসামির মধ্যে কারাবন্দি চারজন মেজর (অব) বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খান ও লেফটেন্যান্ট কর্নেল (অব) মহিউদ্দিন আহমেদ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। নিয়ম অনুযায়ী সরকার আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠায়। এই আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি গ্রহণ করে হাইকোর্ট ২০০০ সালের ১৪ ডিসেম্বর মামলায় বিভক্ত রায় দেয়। বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ আসামির ফাঁসির আদেশ বহাল রাখেন। বিভক্ত এই রায় নিষ্পত্তি করে ২০০১ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের চূড়ান্ত রায়ে বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মৃত্যুদণ্ড পাওয়া ১৫ আসামির মধ্যে ১২ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন এবং তিনজনকে বেকসুর খালাস দেন। হাইকোর্টের এই চূড়ান্ত রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে কারাবন্দি মেজর (অব) বজলুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খান ও লেফটেন্যান্ট কর্নেল (অব) মহিউদ্দিন আহমেদ ওই বছরই সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। অন্যদিকে, চলতি বছরের ২৪ জুন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা আরেক আসামি আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদকে দেশে ফেরত আনার পর তিনি জেল আপিল করেন। বিলম্ব মার্জনার আবেদন মঞ্জুর হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তিনি এ মামলায় লিভ টু আপিল আবেদনও করেন। হাইকোর্টের রায়ের দীর্ঘ ছয় বছর পর গত ৭ আগস্ট থেকে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়ে ২৫ কার্যদিবস পর তা ২০ সেপ্টেম্বর শেষ হয়। আসামি মেজর (অব) বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদের পক্ষে আপিল বিভাগে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আবদুল্লা আল মামুন। লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান ও লেফটেন্যান্ট কর্নেল (অব) মহিউদ্দিন আহমেদের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান। লেফটেন্যান্ট কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আবদূর রেজ্জাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ কৌঁসুলী আনিসুল হক। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও মোশাররফ হোসেন কাজল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৬৩০ ঘ.