ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দৈনিক প্রথম আলোর কার্টুন প্রদায়ক আরিফুর রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়েছে।
ধর্মীয় অনূভুতিতে আঘাত আনার অভিযোগে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম খান হাকিম রোকনউদ্দৌলার আদালতে এ মামলা দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার রাতে সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, দৈনিক প্রথম আলোর রম্য ম্যাগাজিন 'আলপিনে' বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ১৮৬০ সালের দণ্ডবিধির ২৯৫/এ ধারা ভঙ্গ করা হয়েছে। এ কারণে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করার জন্য ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুযায়ী তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে।
তেজগাঁও থানার ওসি জানে আলম খান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি নির্দেশ অনুযায়ী আমি আদালতে মামলা করেছি।"
ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দণ্ডবিধির ২৯৫/এ ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে। আসামিকে এ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলেও পুলিশ জানিয়েছে, তেজগাঁও থানার একটি সাধারণ এজাহারের ভিত্তিতে অভিযুক্তকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।"
পুলিশ গত ১৮ সেপ্টেম্বর কার্টুনিস্ট আরিফুর রহমানকে উত্তরায় তার বাসা থেকে করে। আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জেকে/জিএনএ/২৩২৩ ঘ.
bdnews24