২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

খুলনা মহানগরীতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ডের ৫০ জনের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

খুলনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা মহানগরীতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ডের ৫০ জনের হাতে পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে নগরীর যাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ৮৮ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হোসাইন, খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান ও উপ নির্বাচন কমিশনার মহসিন আলী। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, "সেনাবাহিনী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজে সরকারকে প্রযুক্তি সহায়তা দিয়েছে।" এই কাজ সময়মতো সুষ্ঠুভাবেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত ১৭ আগস্ট খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। শেষ হয় গত বুধবার। এক হাজার ৬০৫ জন তথ্য সংগ্রহকারী, ৩২১ জন সুপারভাইজার এবং ৩৫ জন সহকারি রেজিস্ট্রেশন কর্মকর্তা এতে অংশ নেন। তারা মোট তিন লাখ ৯১ হাজার ৪০৩ জন নারী-পুরুষকে তালিকাভুক্ত করেন। এর আগে খুলনা মহানগরীর ভোটার সংখ্যা ছিলো চার লাখ ৮১ হাজার ৪৮০ জন। ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু হলেও সরকার এ ব্যাপারে অধ্যাদেশ জারির পরই এসব পরিচয়পত্র কার্যকর হবে। আর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নাগরিকরা ২২ ধরনের কাজে সুবিধা পাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/জেকে/২০৫০ ঘ.