মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় ৩৫ ঘণ্টা পর সোমবার সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ আবার চালু হয়েছে । সোমবার সকাল সোয়া ১০টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
শনিবার গভীর রাত থেকে রোববার পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। বর্ষণের কারণে এ কাজ ব্যাহত হয়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের দায়িত্বরত সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, সোয়া ১০টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাতগাঁও ও রশীদপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকাগামী সুরমা মেইলের ওপর পাহাড় ধসে পড়ায় ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। তখন থেকেই রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঐ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে রাত তিনটার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১১৪২ঘ.
bdnews24