মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শ্রীমঙ্গলের সাতগাঁও ও রশীদপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে একটি ট্রেনের ওপর পাহাড় ধসে পড়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাত সাড়ে এগারোটার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের (ডাউন ট্রেন ১০) ওপর পাহাড় ধসে পড়ে। এর ফলে ওই ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
এ ঘটনার পর সিলেট থেকে চট্টগ্রাম গামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস সাতগাঁও, ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গল এবং চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।
বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ইনসপেক্টর সুলতান আহমেদ ও পিডব্লিউআই রুহুল আক্তার খান ঘটনাস্থলে পৌঁছেছেন।
রুহুল আক্তার খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আখাউড়া থেকে রাত সাড়ে ১২টায় ও কুলাউড়া থেকে দেড়টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০২২০ ঘ.
bdnews24