২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই: বিডিআর মহাপরিচালক

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বারবার সিন্ডিকেটের কথা বলা হয়। কিন্তু এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে আমদানি পণ্যের দাম বেশি। শাক-সবজি ৮ থেকে ১০ হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছানোর কারণে দাম বেড়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 07:40 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে বারবার সিন্ডিকেটের কথা বলা হয়। কিন্তু এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব নেই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে আমদানি পণ্যের দাম বেশি। শাক-সবজি ৮ থেকে ১০ হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছানোর কারণে দাম বেড়ে যাচ্ছে। তিনি বলেন, "বাজার পরিস্থিতির উন্নতি ঘটাতে কাজ করে যাচ্ছে বিডিআর। অচিরেই এর সুফল পাওয়া যাবে।" শনিবার বাংলাদেশে নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নারায়ণগঞ্জ কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। বিকেএমইএ প্রেসিডেন্ট ফজলুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ফাইজুল কবীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া মাসুদ করীম প্রমুখ। পরে বিডিআর মহাপরিচালক ফতুল্লার বিসিক শিল্প নগরীতে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি কর্মসূচি উদ্বোধন করেন। বিডিআর ও বিকেএমইএ যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে। বিসিক শিল্প নগরী ও এর আশেপাশে দুই শতাধিক রপ্তানিমুখী গার্মেন্টসে দেড় লক্ষাধিক শ্রমিক কাজ করে। প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি সপ্তাহে একবার ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা ও ২ কেজি আলু বিক্রি করা হবে। প্রতি কেজি চাল ২০ টাকা, মসুর ডাল ৫২ টাকা, ছোলা ৬০ টাকা, আলু ১৭ টাকা দরে বিক্রি হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় ভর্তুকি দেবে বিকেএমইএ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০১২৬ ঘ.