২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা ধর্মঘট শনিবার বিকালে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে শুক্রবার থেকে চলা রোগীদের দুর্ভোগের অবসান ঘটলো। যথাযথ সেবা না পাওয়ার অভিযোগে শুক্রবার এক কলেজ শিক্ষকের মৃত্যুর পর তার স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। ওই সময় সংঘর্ষ বেঁধে গেলে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন। এর পরপরই ধর্মঘটের ডাক দেয় শিক্ষানবিশ চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

রংপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ডাকা ধর্মঘট শনিবার বিকালে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে শুক্রবার থেকে চলা রোগীদের দুর্ভোগের অবসান ঘটলো। যথাযথ সেবা না পাওয়ার অভিযোগে শুক্রবার এক কলেজ শিক্ষকের মৃত্যুর পর তার স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। ওই সময় সংঘর্ষ বেঁধে গেলে তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন। এর পরপরই ধর্মঘটের ডাক দেয় শিক্ষানবিশ চিকিৎসকরা। অচলাবস্থার অবসানে শুক্রবার রাতে এবং শনিবার সকালে কয়েকদফা বৈঠকে কোনও সুরাহা না হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। এরপর শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের পরিচালক ডা. সাইদুর রহমানের সভাপতিত্বে শিক্ষানবিশ চিকিৎসকরা পুনরায় বৈঠকে বসেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমির হোসেনও ওই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিকাল ৪টার দিকে ডা. সাইদুর রহমান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের দাবি অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা প্রহরী বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে পুলিশ ফোর্স সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করবে। অপরদিকে চিকিৎসকের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। শুক্রবারের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে পরিচালক বলেন, "মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অমরেশ সাহার নেতৃত্বে ওই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।" ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগসহ সব ওয়ার্ডে সেবাদান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা জরুরি বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসক না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল মুখো হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০১ ঘ.