বিপ্লব রহমান
সিনিয়র প্রতিবেদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দেশের একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি 'বম' এবার নিজস্ব ভাষায় অভিধান প্রকাশের উদ্যোগ নিয়েছে। সংখ্যার বিচারে অপেক্ষাকৃত বড় জনগোষ্ঠী চাকমা, সাওতাঁল ও গারোদের ভাষার পর এদেশের ৪৫টি ভাষাগত আদিবাসীর মধ্যে এটি চতুর্থ অভিধান প্রকাশের উদোগ।
'বম স্যোশাল কাউন্সিলের' সাবেক সভাপতি জুমলিয়ান আমলাই শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোমান হরফে লেখা বম ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রকাশ করা হচ্ছে এই অভিধান। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞানের অধ্যাপক ড. লরেন্স জি. লোফলার ১৯৬৬ সালে বম ভাষার এই অভিধান প্রকাশের উদ্যোগ নেন। তবে তিনি এই কাজটি শেষ করতে পারেন নি।
এতোদিন ধরে ড. লোফলারের হাতে লেখা পাণ্ডুলিপিটি বম বুদ্ধিজীবীরা সংরক্ষণ করে আসছিলেন। এখন চিঠি লিখে অনুমতি পাওয়ার পর বম গবেষক জেরকুং সাহুর সম্পাদনায় এই অভিধানটি প্রকাশিত হতে যাচ্ছে।
জুমলিয়ান আমলাই বলেন, ১৯২৭ সালে বান্দরবানে বসবাসকারী সকল বম মানুষ খ্রিষ্ট ধর্ম গ্রহণ করেন। বমদের নিজস্ব বর্ণমালা না থাকায় সে সময় ধর্ম প্রচারের জন্য পাদ্রীরা রোমান হরফে (যে হরফে ইংরেজিসহ বেশ কিছু ভাষা লেখা হয়) বম ভাষায় বাইবেলসহ নানা ধর্মীয় গ্রন্থ লেখেন।
১৯৬০ এর দশক থেকে রোমান হরফে বম ভাষায় নানা উপকথা, গীতি কবিতা, লোক সংগীত - ইত্যাদি লেখা হচ্ছে জানান জুমলিয়ান আমলাই। কিন্তু এ সবের চর্চা এখন একেবারেই কম।
বম নেতা আরো বলেন, "নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে ব্যক্তি উদ্যোগে আমরা এই অভিধান প্রকাশ করতে যাচ্ছি। উচ্চারণের সুবিধার্থে অভিধানটি বম - ইংরেজী ভাষায় প্রকাশ করা হচ্ছে।"
আদিবাসী লেখক দীপায়ন খীসা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ৮০র দশকে রাঙামাটি উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রকাশ করে অশোক কুমার দেওয়ান সম্পাদিত 'চাকমা ভাষার অভিধান'। সেটি ছিল বাংলা হরফে লেখা চাকমা ভাষা থেকে বাংলা ভাষার অভিধান।
আদিবাসী গবেষক ও পরিবেশবিদ ফিলিপ গাইন বম ভাষায় অভিধান প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি ভাষাকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে এবং ভাষার ব্যাকরণগত শুদ্ধতা রাখতে এ ধরণের অভিধান প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ।"
তিনি আরো জানান, বছর তিনেক আগে অধ্যাপক রবিন্স বার্লিং প্রকাশ করেন রোমান হরফে গারো ভাষা থেকে ইংরেজি ভাষার অভিধান। ভারতে অনেক আগেই রোমান হরফে সাওতাঁলী থেকে ইংরেজী অভিধান প্রকাশ করা হয়েছে।
বম স্যোশাল কাউন্সিলের ২০০৩ সালের জরিপ অনুযায়ী, বান্দরবানে ১,৯০০ পরিবারের ৯,৪৬১ জন বমের বসবাস।
বাংলাদেশে ৪৫টি আদিবাসী গোষ্ঠীর প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। এদের মধ্যে শুধু পার্বত্য চট্টগ্রামেই বাস করেন ১৩ টি আদিবাসী জনগোষ্ঠী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এসকে/১২০৬ ঘ.
bdnews24